রোগীদের অভিযোগ, "জরুরি অবস্থায় রোগী নিয়ে এসেছি। বলা হল, জল ঢুকে গেছে। বাইরে যেতে হবে। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গেলে অনেক খরচ। তাহলে সরকারি হাসপাতালের সুবিধে কোথায়?"
.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 30 July 2025 20:59
দ্য ওয়াল ব্যুরো: একদিনের টানা বর্ষণেই (Heavy Rain) কার্যত অচল হয়ে পড়ল রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল (Rampurhat Super Specialty Hospital)। জল ঢুকে পড়েছে হাসপাতালের একাধিক বিভাগে। যার মধ্যে অন্যতম এক্সরে (X Ray) ও সিটি স্ক্যান (CT Scan) রুম। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে এই গুরুত্বপূর্ণ দুটি বিভাগ। বিপাকে পড়েছেন রোগী ও তাঁদের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ কোনও নতুন ঘটনা নয়। বর্ষাকালে একটু বেশি বৃষ্টি হলেই জল জমে হাসপাতাল চত্বরে। বহুবার দেখা গেছে, এক্সরে বা সিটি স্ক্যান রুমের দরজায় ঝুলছে পোস্টার, 'জল ঢোকার কারণে পরিষেবা বন্ধ। প্রশ্ন উঠছে, প্রতিবারই কেন একই চিত্র? কেন স্থায়ী সমাধানের পথে হাঁটছে না হাসপাতাল কর্তৃপক্ষ?
রোগীদের অভিযোগ, "জরুরি অবস্থায় রোগী নিয়ে এসেছি। বলা হল, জল ঢুকে গেছে। বাইরে যেতে হবে। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গেলে অনেক খরচ। তাহলে সরকারি হাসপাতালের সুবিধে কোথায়?"
জানা গিয়েছে, এক্সরে ও সিটি স্ক্যান রুম নিচু জায়গায় হওয়ায় প্রতি বছরই বর্ষার মরশুমে জল ঢুকে পড়ে। কিন্তু দীর্ঘদিন ধরে সেই সমস্যা থাকা সত্ত্বেও নেই কোনও স্থায়ী ব্যবস্থা।
হাসপাতালের এক কর্মী জানান, "এই সমস্যা বহুদিনের। জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী কোনও পরিকাঠামোগত পরিবর্তন হয়নি।"
কবে হাসপাতালের নিকাশি সমস্যার সমাধান হবে? কবে আবার সচল হবে এক্সরে ও সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা? উত্তর খুঁজছেন রামপুরহাটের মানুষ।