
শেষ আপডেট: 8 May 2023 13:55
দ্য ওয়াল ব্যুরো: চোটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) থেকে বাদ পড়েছিলেন কেএল রাহুল। সেই থেকেই জল্পনা শুরু হয়, রাহুলের বিকল্প হিসেবে কে জায়গা পাবেন। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল রাহুলের পরিবর্তে কে খেলবেন প্রথম একাদশে।
চলতি আইপিএলের ভাল ফর্মে রয়েছেন বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। রবিবার লখনউর বিরুদ্ধে মারকাটারি ইনিংস খেলেন শিলিগুড়ির পাপালি। মাত্র ৪৩ বলে ৮১ রানের ইনিংস ছিল অনেক সমালোচনার জবাব। কিপিং ভাল করলেও, ব্যাটে রান না থাকায় প্রশ্ন উঠেছিল। সেই সব প্রশ্ন ব্যাটের গোড়া দিয়েই উড়িয়ে দিয়েছিলেন ঋদ্ধি।
অনেকেই ভেবেছিলেন চলতি আইপিএলে এই ফর্ম ঋদ্ধিকে ফের ভারতীয় দলে জায়গা করে দেবে। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপে সুযোগ পাবেন তিনি। কেএল রাহুল ছিটকে যাওয়ার পর সেই সম্ভাবনা আরও জোরদার হতে শুরু করে। কিন্তু, সোমবার বিসিসিআই জানিয়ে দিল রাহুলের পরিবর্তে খেলবেন ঈশান কিশান (Ishan Kishan)।
ভারতীয় বোর্ডের ঘোষণায় হতাশ অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছেন নেটিজেনরা। অভিজ্ঞতা ও দক্ষতায় ঈশানের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন ঋদ্ধি। এমনকী ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তুলনায় লাল বলে তেমন সফল নন ঈশান।
এখন প্রশ্ন হচ্ছে, তবে কেন ঋদ্ধির বদলে ঈশানকে সুযোগ দেওয়া হল? টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেই দলে উইকেটকিপার হিসেবে আছেন কেএস ভরত। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ছিলেন রাহুল। এছাড়াও আরও ৫ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। সেই তালিকায় ছিলেন ঈশান। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায় সেই কারণেই ঋদ্ধির বদলে সুযোগ পেয়ে গেলেন ঈশান।
তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, রাহুল দ্রাবিড়ের সঙ্গে ঝামেলার কারণেই ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাচ্ছেন না ঋদ্ধি।