রণক্ষেত্র বিধান ভবন। প্রার্থী না পসন্দ। নালিশ জানাতে গিয়ে রক্ত ঝরল দলীয় কর্মীদের। আক্রান্ত মহিলারাও।

শুভঙ্কর সরকার
শেষ আপডেট: 1 April 2026 15:14
দ্যা ওয়াল ব্যুরো: বুধবারের দুপুরে তুলকালাম। এবার জনসমক্ষে দলের আভ্যন্তরীন কোন্দল। প্রার্থী পছন্দ না হওয়ায় বিধান ভবনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। সেখানেই নজিরবিহীনভাবে আরেকদল কংগ্রেস কর্মীর আক্রমণের শিকার বিক্ষোভকারীরা। কার্যত, রণক্ষেত্রের চেহারা নিল কংগ্রেসের সদর দফতর। দলের কর্মীরই রক্ত ঝরল সদর দফতরের সামনে।
বালিগঞ্জ আসনে, প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্রকে প্রার্থী করেছে কংগ্রেস। কিন্তু প্রার্থী পছন্দ না হওয়ায় দলের সদর দফতরে বিক্ষোভ দেখাতে আসেন দলীয় কর্মীরা। সেখানেই শুরু হয় হাতাহাতি। ঝামেলা গড়ায় মারপিট পর্যন্ত। মাথা ফেটে যায় এক কর্মীর। অভিযোগ, এক মহিলা কর্মীকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে। অভিযোগের তির এন্টালির কংগ্রেস প্রার্থীর দিকে। বিধান ভবনে ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অসিত মিত্র। আসন্ন নির্বাচনে তাঁকেও প্রার্থী করেনি দল। বিধান ভবনে পুলিশ পৌঁছে বিক্ষুব্ধ কর্মীদের সরিয়ে দেয়।
এই ঘটনা চলাকালীন, প্রদেশ দফতরে দেখা যায়নি কোনও কংগ্রেস নেতৃত্বকে। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা স্লোগান দেন। তাঁদের অভিযোগ, টাকা নিয়ে বালিগঞ্জ আসনের টিকিট বিক্রি করে দিয়েছেন প্রদেশ সভাপতি। যদিও, বিক্ষোভ চলাকালীন প্রদেশ সভাপতিকে দেখা যায়নি বিধান ভবনে। বিক্ষুব্ধ সমর্থকদের দাবি, এই ঘটনা পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। জানা গিয়েছে, শ্রীরামপুরে এখনও প্রার্থী দেয়নি কংগ্রেস। কিন্তু তার আগেই সেখানেও বিক্ষভ হয়েছে। যে বিক্ষোভ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। রাজনৈতিক মহলের ধারণা শ্রীরামপুরে প্রার্থী হতে পারেন প্রদেশ সভাপতি নিজেই ।
নির্বাচন ঘোষণা হওার পরে সবার শেষে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। গত মাসের ২৯ তারিখ প্রার্থী ঘোষণা করা হয়। বিভিন্ন আসনে লড়াইয়ে নামানো হয়েছে একাধিক হেভিওয়েট নেতাকে। তখনই জানা যায় বালিগঞ্জ আসনে প্রার্থী হয়েছেন রোহন মিত্র। প্রদেশ দফতরের বাইরে বিক্ষোভের সময় কংগ্রেস কর্মীদের দাবি, একাধিকবার মমতা এবং বিজেপির সভায় দেখা গিয়েছে রোহনকে। সেই ছবি তুলে ধরে কর্মীদের দাবি, রোহনকে প্রার্থী হিসেবে পছন্দ নয় তাঁদের।