বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ রাসায়নিকের সঠিক ব্যবহার ছাড়া কোনওভাবেই সুইমিং পুলে নামা উচিত নয়। ততদিন পর্যন্ত সতর্ক থাকাই একমাত্র উপায়।

ক্লোরিনে ঘাটতি, সুইমিং পুল পরিষ্কার হবে কীভাবে? (ফাইল ছবি)
শেষ আপডেট: 1 April 2026 14:35
দ্য ওয়াল ব্যুরো: গরম পড়তেই সাঁতারের মরসুম শুরু হয়েছে। সাধারণত মার্চেই সব জায়গায় সেশন শুরু হয়। এবারও তার অন্যথা হয়নি কিন্তু এবার শুরুতেই অস্বস্তির খবর, শহরের একাধিক সুইমিং পুল (Swimming Pool) বন্ধ হওয়ার মুখে। কারণ, জল পরিশোধনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক (Chemical), বিশেষ করে ক্লোরিনের (Chlorine) জোগানে ভয়াবহ ঘাটতি তৈরি হয়েছে।
পুল পরিচালকদের দাবি, এই সংকটের নেপথ্যে আন্তর্জাতিক পরিস্থিতি (International Situation)। পশ্চিম এশিয়ার সংঘাতের (West Asia Conflict) জেরে সরবরাহ ব্যবস্থায় (Supply Chain) বিঘ্ন ঘটেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ক্লোরিন-ভিত্তিক জীবাণুনাশক (Disinfectant)-এর উপর। এই রাসায়নিক ছাড়া পুলের জল পরিষ্কার রাখা সম্ভব নয়। ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি (Public Health Risk) এড়াতে অনেক ক্ষেত্রেই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে।
ক্লোরিন জলে মিশে তৈরি করে হাইপোক্লোরাস অ্যাসিড (Hypochlorous Acid), যা ব্যাকটেরিয়া (Bacteria) ও শ্যাওলা (Algae) নষ্ট করে। অর্থাৎ, এই মৌলিক উপাদান ছাড়া সুইমিং পুলের সঠিক স্বাস্থ্য বজায় রাখা প্রায় অসম্ভব। আর সেই জায়গাতেই যখন টান পড়েছে, তখন পরিস্থিতির গুরুত্ব সহজেই বোঝা যাচ্ছে।
তবে এই সংকটের মাঝে ঘুরে বেড়াচ্ছে কিছু ‘অদ্ভুত’ রাসায়নিকের নাম। ‘ফুলসডিয়াম ক্লোরেট’ (Foolsodium Chlorate), ‘ফ্যাটাস ম্যাক্সিমাস স্টেবিলাইজার’ (Fattus Maximus Stabilizer) বা ‘প্র্যাঙ্কিয়াম হাইড্রোক্সাইড’ (Prankium Hydroxide)— এমন সব নাম নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি (Confusion)। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই নামগুলির বাস্তব অস্তিত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকে মনে করছেন, এগুলির কিছু হয়তো অতিরঞ্জিত বা ভুয়ো তথ্যর (Misinformation) ফল।
এদিকে সরবরাহকারীদের সতর্কবার্তা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে রাসায়নিকের দাম (Price Rise) আরও বাড়তে পারে। তার ফলে পুল পরিচালনার খরচও বাড়বে, যা শেষমেশ প্রভাব ফেলবে পরিষেবায়।
স্বাভাবিকভাবেই হতাশ সাঁতারুরা। কেউ কেউ মজা করে বলছেন, এখন পুলে নামার আগে রাসায়নিকের নামই আগে মুখস্থ করতে হবে! তবে আশার কথাও শোনা যাচ্ছে, অনেকের মতে, এই সংকট সাময়িক (Temporary Crisis) এবং খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ রাসায়নিকের সঠিক ব্যবহার ছাড়া কোনওভাবেই সুইমিং পুলে নামা উচিত নয়। ততদিন পর্যন্ত সতর্ক থাকাই একমাত্র উপায়।