স্ট্র্যান্ড রোডের একটি বড় অংশে বিএনএসএস-এর ১৬৩ ধারা (পুরনো সিআরপিসির ১৪৪ ধারা অনুযায়ী) মোতাবেক কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে।

সিইও দফতরের সামনে বসল সিসিটিভি
শেষ আপডেট: 1 April 2026 17:13
দ্য ওয়াল ব্যুরো: ফর্ম ৬ জমা (Form 6) দেওয়া নিয়ে তৃণমূল ও বিজেপির (TMC BJP) সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, তাতে বড়সড় অশান্তির আশঙ্কায় এবার নড়েচড়ে বসল প্রশাসন। বিবাদি বাগ এলাকায় অবস্থিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের নিরাপত্তা সুনিশ্চিত করতে বুধবার বিশেষ নির্দেশিকা জারি করল লালবাজার (Laalbazar)। স্ট্র্যান্ড রোডের একটি বড় অংশে বিএনএসএস-এর ১৬৩ ধারা (পুরনো সিআরপিসির ১৪৪ ধারা অনুযায়ী) মোতাবেক কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বসানো হয়েছে সিসি ক্যামেরাও।
কমিশনার অজয় নন্দের স্বাক্ষরিত ওই নির্দেশে জানানো হয়েছে, গত ২৩ মার্চ জারি করা বিধিনিষেধের সীমানা কিছুটা সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে খবর মিলেছে যে, সিইও দফতরের সামনে বড় ধরনের বিক্ষোভ বা হিংসাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যা জনজীবন ও শান্তি বিঘ্নিত করতে পারে। সেই আশঙ্কায় স্ট্র্যান্ড রোডের পশ্চিম দিকের সীমানা নতুন করে নির্ধারণ করেছে পুলিশ।
নতুন নির্দেশিকায় যা বলা হয়েছে
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সিইও দফতরের বাইরে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এবং পাল্টা বিজেপির আইটি সেলের আক্রমণের ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সোমবার ও মঙ্গলবার সিইও দফতরের সামনে যে ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি আটকাতেই ১ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে এই বাড়তি সতর্কতা কার্যকর করল কলকাতা পুলিশ। প্রশাসনের লক্ষ্য, ভোটের মুখে সিইও দফতরের কাজকর্মে যাতে কোনও ভাবেই বিঘ্ন না ঘটে।