
শেষ আপডেট: 22 September 2023 07:05
দ্য ওয়াল ব্যুরো: সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) পাশ হয়ে গিয়েছে। বুধবার লোকসভা এবং বৃহস্পতিবার বেশি রাতে রাজ্যসভায় বিলটি পাশ হতে কালক্ষেপ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাত পোহাতেই বুঝিয়ে দিলেন এই বিলকে তিনি লোকসভা ভোটের প্রচারে তাঁর সরকারের কৃতিত্ব বলে দাবি করতে চলেছেন। শুক্রবার সেটাই করলেন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় দফতরে।
আসলে সংসদের বিতর্কে আরজেডি, সমাজবাদী পার্টির মতো কয়েকটি দল বাদে বাকিরা মহিলা বিল পাশে নিজেদের কৃতিত্ব দাবি করে। সনিয়া গান্ধী বলেন, মহিলাদের জন্য লোকসভা, বিধানসভায় আসন সংরক্ষণের মধ্য দিয়ে আমার প্রয়াত জীবনসঙ্গীর স্বপ্ন পূরণ হবে। কংগ্রেস নেত্রী দাবি করেন, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে প্রথম এই ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন।
তৃণমূল মহিলা বিল পাশের বিশেষ কৃতিত্ব দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা এই ব্যাপারে সংসদে সরব হওয়ার পাশাপাশি দলে এবং সরকারে মহিলাদের প্রতিনিধিত্ব অনেকটাই বাড়িয়েছেন। তৃণমূলের দুই বক্তা লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভায় ডেরেক ও ব্রায়েন বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেন, মহিলা বিল পাশ করানোর কৃতিত্ব দাবি করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দলে ও মন্ত্রিসভায় মহিলাদের ৪০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করে দেখান।
এই পরিস্থিতিতে নিজেদের কৃতিত্ব তুলে ধরতে শুক্রবার থেকেই ধুমধাম করে প্রচারে নেমে গেল বিজেপি (Narendra Modi)। আর তাতেও নেতৃত্ব দিলেন মোদীই। প্রধানমন্ত্রী শুক্রবার দলীয় দফতরে বিল পাশে কৃতিত্ব দাবি করে বিরোধীদের নিশানা করেন। বলেন সংসদে যাঁরা একদিন মহিলা বিল ছিঁড়ে ফেলেছিল তাঁরাই এখন তা নিয়ে মাতামাতি করতে চাইছে।
প্রধানমন্ত্রী আসলে ২০১০ সালে রাজ্যসভায় মহিলা বিল পাশ হওয়ার পর রাজ্যসভায় তা আটকে যাওয়ার ঘটনাটির উল্লেখ করতে চেয়েছেন। মনমোহন সিং সরকারের সময় ইউপিএ সরকার বিল পেশ করেও রাজ্যসভায় তা পাশ করায়নি শরিক দলের আপত্তিতে। রাজ্যসভায় বিল পেশ হওয়া মাত্র সমাদবাদী পার্টির এক সাংসদ সেটির কপি ছিঁড়ে ফেলেন। পরে সরকার বিলটি সংসদের সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেয়।
ওয়াকিবহাল মহল মনে করছে, প্রধানমন্ত্রী দলীয় কর্মী-সমর্থকদের সেই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ১৯৯৬ থেকে ২০২৩, কেন ২৭ বছর লাগল বিলটি পাশ করাতে প্রচারে তা তুলে ধরবে বিজেপি। লোকসভায় বিলটি পেশ হওয়ার পর পরই প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ঈশ্বর বোধহয় আমার হাত দিয়েই বিলটি পাশ করানোর জন্য বরাদ্দ রেখেছিলেন।
দলীয় দফতরে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ‘আজ, আমি দেশের সকল নারীকে অভিনন্দন জানাই। গতকাল এবং পরশু আমরা একটি নতুন ইতিহাস রচনার সাক্ষী হয়েছি। এটা আমাদের সৌভাগ্য যে কোটি কোটি মানুষ আমাদের সেই ইতিহাস তৈরি করার সুযোগ দিয়েছে।’
মোদীর আগে বিজেপি সভাপতি মোদী সরকারের নারী কল্যাণ প্রকল্পগুলি তুলে ধরে দাবি করেন, বিজেপি মহিলাদের অধিকারের বিষয়ে কতটা আন্তরিক। তিনি বলেন, ‘সংসদে মহিলা বিল পাশ ইতিহাসের একটি অধ্যায় হয়ে থাকবে।‘
আরও পড়ুন: কানাডা প্রশ্নে কঠোর আমেরিকা, দিল্লিকে অস্বস্তিতে ফেললেন বাইডেনের উপদেষ্টা