
শেষ আপডেট: 20 September 2023 05:09
দ্য ওয়াল ব্যুরো: মহিলা সংরক্ষণ বিল (women reservation bill) নিয়ে বুধবার সংসদে বিতর্ক শুরু হবে। কংগ্রেসের তরফে বিতর্কে নেতৃত্ব নেবেন দলের সংসদীয় পার্টির প্রধান সনিয়া গান্ধী।
কংগ্রেস সূত্রের খবর, মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবিতে জল ঢালতেই সনিয়া (Sonia Gandhi) অসুস্থ শরীরে বিতর্কে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার সংসদে মহিলা বিল পেশ করা নিয়ে বলেন, ‘ঈশ্বর বোধহয় আমার জন্যই কাজটি বরাদ্দ রেখেছিলেন।’ সনিয়া তুলে ধরতে চান কীভাবে মোদী এই বিল নিয়ে সাড়ে নয় বছর সময় নষ্ট করেছেন দল ও আরএসএসের চাপের কাছে নতিস্বীকার করে।
মঙ্গলবার বিল পেশের পরই সেটির কার্যকারিতা নিয়ে বিরোধী দলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে। কারণ, সংসদ ও বিধানসভার এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের কথা বলা হলেও কবে তা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। বলা হয়েছে, পরবর্তী জনগণনা এবং লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাসের পর। আর এই দুই ব্যাপারে সরকার এখনও কোনও সিদ্ধান্তই করেনি। ফলে সংসদে বিল পাশ হলেও মহিলাদের জন্য আসন সংরক্ষণ কবে চালু হবে তা সরকারও জানে না।
প্রসঙ্গত, ২০১০ সালে মননোহন সিং সরকার (congress) যখন সংসদে মহিলা বিল পাশ করানোর চেষ্টা করে তখন তাতে এসসি, এসটি, ওবিসি সংরক্ষণের বিধান ছিল না। এই বিষয়ে সরকারের শরিক দল আরজেডি, সমাজবাদী পার্টি প্রভৃতি দল আপত্তি তোলায় সরকার বিলটি পাশ করাতে পারেনি। এখন কংগ্রেসই ওবিসি সংরক্ষণের দাবিতে সরব হতে চলেছে। ইন্ডিয়া জোটের অনেক শরিক দলই ওবিসি সংরক্ষণের দাবিতে সরব।
কংগ্রেস মনে করছে, ওবিসি ভোট টানতে এই বিষয়ে জোর দেওয়া জরুরি। বিজেপি কেন ওবিসি সংরক্ষণ চায় না তার ব্যাখ্যাও তুলে ধরবে কংগ্রেস। দলের বক্তব্য, ওবিসি সংরক্ষণ চালু হলে তার সুবিধা মুসলিম মহিলারাও পেতেন। কারণ ওবিসি সম্প্রদায়ের একটি বড় অংশ মুসলিম। মুসলিম বিদ্বেষের কারণেই মোদী সরকার গোটা ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণের সুবিধা থেকে বাদ রাখল।
ঠিক হয়েছে, লোকসভায় এই সব বিষয়ে দলের বক্তব্য তুলে ধরবেন সনিয়া। রাজীব গান্ধী, নরসিংহ রাও থেকে মননমোহন সিংহের মতো প্রধানমন্ত্রী এবং দল হিসাবে কংগ্রেস কীভাবে মহিলা সংরক্ষণ চালু করার চেষ্টা করেছেন তার টাইমলাইন তুলে ধরবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
কলকাতায় রাতবিরেতে এলোপাথাড়ি গুলি! অভিযুক্তের গাড়িতে ‘প্রেস’, ‘পুলিশ’ স্টিকার, রহস্য ঘনাচ্ছে