
শেষ আপডেট: 10 January 2023 13:51
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির কাছে কুরুক্ষেত্র (Kurukshetra) এলাকায় এক মহিলা ডাক্তারকে (doctor) খুন (murder) করল কয়েকজন দুষ্কৃতী (robber)। জানা গেছে, সোমবার রাতে নিজের বাড়িতেই খুন হন তিনি। ঘটনার জেরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে কুরুক্ষেত্রের সেক্টর ১৩ এলাকায়। মঙ্গলবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। মৃতার নাম বণিতা অরোরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই দেখা যায় যে, রাত দশটা নাগাদ ওই দুষ্কৃতীরা একটি মারুতি সুইফট চেপে সেখানে আসে। এরপর কেক কেনার নাম করে বাড়ির দরজা খুলে সিঁড়ি দিয়ে দোতলাতে উঠে আসে। সেইসময় ওই মহিলা দোতলায় কেক বানাচ্ছিলেন। যখন ওই দুষ্কৃতীরা উপরে আসে, তখন সবারই মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল।
কিছুক্ষণের মধ্যেই তারা ওই মহিলার স্বামী ডক্টর অতুল অরোরা এবং বাড়ির কাজের মহিলা মধুকে ঘরবন্দি করে ফেলে। এরপর ওই মহিলা ডাক্তারের কাছে আলমারির লকারের চাবি চায়। তিনি চাবি দিতে অস্বীকার করতেই ভারী কিছু দিয়ে সজোরে তাঁর মাথায় আঘাত করে এক দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর সেখানেই মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতার স্বামী ডাক্তার অতুল অরোরা এবং কাজের মহিলা মধুর বয়ান রেকর্ড করেছে পুলিশ। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় একটি এফআইআর দায়ের করা হয়। কুরুক্ষেত্রের পুলিশ সুপার সুরিন্দর সিং ভোরিয়া এই বিষয়ে বলেন, তাঁরা দুষ্কৃতীদের সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছেন। আপাতত তাদের খোঁজে তল্লাশি চলছে। শীঘ্রই গ্রেফতার করা হবে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর সাজা দেওয়ার দাবি জানিয়েছে।
রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন যুবক, দুষ্কৃতীরা কুপিয়ে কেটে নিল হাত! পালাল কাটা অংশ নিয়ে