পুলিশ সূত্রে খবর, তরুণীর মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল এবং মুখে রক্তের দাগ দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তরুণী এলাকার কেউ নন। অনুমান করা হচ্ছে, তাঁকে অন্যত্র খুন করে মাঠে এনে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 August 2025 20:31
দ্য ওয়াল ব্যুরো: মাঠ থেকে উদ্ধার হল তরুণীর ক্ষতবিক্ষত দেহ। স্থানীয়রাই দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাটি ঘটেছে মালদহের (Woman body found in Malda) মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ এলাকায়। তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হবে।
শনিবার স্থানীয় কয়েকজন গঙ্গাপ্রসাদ এলাকার বড় মাঠের দিকে যান। মাঠের মাঝে কিছু পড়ে থাকতে দেখে তাঁরা এগোলে দেখতে পান, এক তরুণীর নিথর দেহ পড়ে আছে। মোথাবাড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে (Woman body found in Malda)।
পুলিশ সূত্রে খবর, তরুণীর মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল এবং মুখে রক্তের দাগ দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তরুণী এলাকার কেউ নন। অনুমান করা হচ্ছে, তাঁকে অন্যত্র খুন করে মাঠে এনে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা। কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।
মৃতদেহে আঘাতের ছাপ স্পষ্ট। তরুণীকে ধর্ষণের পর খুন করা হয়েছে কিনা সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই সবটা পরিষ্কার হবে। পাশাপাশি জেলার বিভিন্ন থানায় তরুণীর ছবি পাঠিয়ে কোনও তরুণীর মিসিং ডায়রি করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।