
শেষ আপডেট: 28 December 2023 20:48
দ্য ওয়াল ব্যুরো: মতুয়া সম্মেলনে যোগ দিতে এসে সিএএ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মন্দির কমিটির সম্পাদকের সঙ্গে মন্ত্রীকে রীতিমতো বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে মতুয়া সম্প্রদায়ের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর টেংরা কলোনি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, এদিন এলাকায় মতুয়াদের একটি সম্মেলন ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সিএএ-র সমর্থনে মন্ত্রী বলেন, “২০২৪ লোকসভা নির্বাচনের আগে সিএএ হবেই। কেউ রোধ করতে পারবে না।”
সূত্রের খবর, মন্ত্রীর এই বক্তব্যের কেন্দ্র করে পরবর্তীতে মন্দির কমিটির সম্পাদকের সঙ্গে বচসায় জড়ান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার মন্ত্রীর কাছে জানতে চান, “ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক কথা কেন?” পাল্টা হিসেবে মন্ত্রী বলেন, “এটা কোনও রাজনৈতিক বক্তব্য নয়।”
বচসা থেকে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দু’পক্ষ। পরে অন্যান্য পরিস্থিতির সামাল দেন। তবে বচসা ঘিরে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, ২০১৯ সালের শেষে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ পাশ হয়েছিল সংসদে। যদিও এখনও তা কার্যকর হয়নি। এ ব্যাপারে সম্প্রতি কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছিলেন, "শীঘ্রই সিএএ লাগু করা হবে। কেউ আটকাতে পারবে না।" শান্তনুও এদিন মতুয়া সম্মেলনে ওই কথারই পুনরাবৃত্তি করেন। তখনই প্রতিবাদ জানান মন্দির কমিটির সম্পাদক।