
শেষ আপডেট: 14 April 2023 14:40
দ্য ওয়াল ব্যুরো: গোটা এলাকা জুড়েই ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন পুলিশকর্মীরা (police)। কেউ ফল কিংবা সবজি বিক্রি করছেন, তো কেউ অটো চালাচ্ছেন। কেউ আবার চালচুলোহীন ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। কিন্তু কেন?
২৪ বছরের এক হার-চোর (chain-snatcher)। সেই নাকি নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল পুলিশকে। সন্ধান পেলেও সাধারণ পদ্ধতিতে কিছুতেই তার হাতে হাতকড়া পরানো যাচ্ছিল না। আর সেই কারণেই ছদ্মবেশ নিতে বাধ্য হয়েছিলেন মহারাষ্ট্রের পালঘরের (Palghar) ভাসাই বিহারের পুলিশ কর্মীরা। আব্বাস আমজাদ ইরানি নামে ২৪ বছর বয়সি ওই যুবকের বিরুদ্ধে একাধিক সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ ছিল। তার বাড়ি আম্বিভালি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইরানি একা নয়। সে দলের মাথা হলেও তার সঙ্গে ছিনতাইয়ের কাজে যুক্ত ছিল আরও বেশ কয়েকজন। এর আগে যতবারই তাদের গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকবারই পুলিশের উপর পাল্টা আক্রমণ চালিয়েছে তারা। তাই এবার সরাসরি ইরানি ও তার দলকে না ধরে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই ছদ্মবেশে তার উপর নজর রাখছিলেন পুলিশকর্মীরা। সবজিওয়ালা কিংবা ভবঘুরে সেজে প্রায় দু সপ্তাহ ধরে আম্বিভালির বিভিন্ন এলাকায় টহল দিয়েছেন তাঁরা। এমনকী, ইরানি একটি রেস্তোরাঁয় খেতে যেত, সেখানেও ছদ্মবেশে তার পিছু ধাওয়া করা হয়েছিল।
এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে একটি অটোয় ওঠার সময় ইরানিকে গ্রেফতার করে পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। তার থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সোনার গয়না এবং মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, এর আগে দু'বার পুলিশ আটক করেছিল ইরানিকে। তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে ঠানে সিটি থানায়। তবে প্রতিবারই কোনও না কোনওভাবে পালিয়েছিল সে।
আসাদের বাইকে কোনও দাগ নেই, চাবিই বা কোথায় গেল! এনকাউন্টার নিয়ে অনেক প্রশ্ন