সম্রাট অশোকের মেয়ের নাম ছিল সঙ্ঘমিত্রা। তাঁর নিষ্ঠার কথা ছিল সুবিদিত। আমলা সঙ্ঘমিত্রা ঘোষও তাঁর কাজে নিষ্ঠার জন্য আমলা মহলে পরিচিত।

সঙ্ঘমিত্রা ঘোষ।
শেষ আপডেট: 16 March 2026 02:09
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৬ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন কি কোনও আইএএস অফিসারকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে তুলে আনতে পারে? হয়তো পারে। তবু আমলা মহলের ধারণা হল আগে থেকে নিশ্চয়ই ম্যাপিং করে রেখেছিল কমিশন। সে যাই হোক। ঘটনা হল, রবিবার বিকেলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার পর ঘড়ির কাঁটা রাত ১২টার ঘর পার করার আগেই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পরিবর্তে নিয়ে এলো ১৯৯৭ ব্যাচের আইপিএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষকে (West Bengal new Home Secretary Sanghamitra Ghosh)। তাৎপর্যপূর্ণ হল, এই প্রথম বিধানসভা ভোটের সময়ে বাংলায় স্বরাষ্ট্র সচিব পদে থাকবেন কোনও মহিলা আইএএস।
জানিয়ে রাখা ভাল, সঙ্ঘমিত্রার ৭ বছরের জুনিয়র অফিসার জগদীশ প্রসাদ মিনাকে স্বরাষ্ট্র সচিব করার পর রাজ্য সরকারের ক্ষমতার অলিন্দে অসন্তোষ দেখা গেছিল। জগদীশের সিনিয়র অনেক আইএএস-ই অনুজ আমলাকে এতো উপরে তোলায় খুশি ছিলেন না। তাঁরা মনে করছিলেন, এটা ঠিক পদ্ধতি নয়।
সেই ক্ষত শুকোনোর আগেই কমিশন চমক দিল। হতে পারে জগদীশ প্রসাদ মিনাকে ভোটের সময়ে ভিন রাজ্যে পাঠিয়ে দিতে পারে নির্বাচন কমিশন।
কিন্তু কে এই প্রবীণ আমলা সঙ্ঘমিত্রা ঘোষ?
সম্রাট অশোকের মেয়ের নাম ছিল সঙ্ঘমিত্রা। তাঁর নিষ্ঠার কথা ছিল সুবিদিত। আমলা সঙ্ঘমিত্রা ঘোষও তাঁর কাজে নিষ্ঠার জন্য আমলা মহলে পরিচিত। মহিলা ও শিশু কল্যাণের ক্ষেত্রে গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পরিষেবার সম্প্রসারণ—বিভিন্ন সূচকে রাজ্যের উন্নতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আইএএস আধিকারিক সঙ্ঘমিত্রা ঘোষের।
প্রশাসনিক জীবনে সঙ্ঘমিত্রা ঘোষ দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার জেলাশাসক ও জেলা সংগ্রাহক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজ্যের সবচেয়ে বড় ও জনবহুল দুই জেলার প্রশাসনিক নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। এই পদে থেকে তিনি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পের দায়িত্ব সামলাচ্ছেন এবং নারী, শিশু ও প্রান্তিক মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ তদারকি করছেন।
১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস আধিকারিক প্রায় আড়াই দশকের প্রশাসনিক জীবনে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বিশেষ করে ন্যাশনাল হেলথ মিশনের (এনএইচএম) রাজ্য প্রধান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করার সময়ে মহিলা ও শিশুস্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ও পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে প্রশাসনিক মহলে মনে করা হয়।
কমিশন সূত্রে বলা হচ্ছে, সঙ্ঘমিত্রা সৎ ও নিষ্ঠাবান এবং আপসহীন অফিসার বলে পরিচিত। কমিশন স্বরাষ্ট্র সচিব পদে এমন একজনকে খুঁজছিল যিনি খুব নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটে যে রাজনৈতিক হিংসার সংস্কৃতি রয়েছে, সেই প্রেক্ষাপটে একজন রক্ষণশীল অফিসারই জরুরি বলে মনে করা হয়েছে।