গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর ভারত পাক সীমান্তে কর্মরত অবস্থায় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন পূর্ণম। তারপর থেকেই পাকিস্তানে বন্দি ছিলেন ২৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।

পূর্ণমের পরিবারে স্বস্তি
শেষ আপডেট: 14 May 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ২০ দিনের উৎকণ্ঠার অবসান। অবশেষে বিএসএফের হাতে কনস্টেবল পূর্ণম সাউকে তুলে দিল পাকিস্তান। বুধবার সকাল সকাল সেই খবর আসতেই স্বস্তি ফিরল পূর্ণমের রিষড়ার বাড়িতে। আনন্দে মেতে উঠলেন পরিবারের সদস্যরা। সেই খুশিতে সামিল হলেন আত্মীয়স্বজন প্রতিবেশীরাও।
গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর ভারত পাক সীমান্তে কর্মরত অবস্থায় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন পূর্ণম। তারপর থেকেই পাকিস্তানে বন্দি ছিলেন ২৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। প্রাথমিকভাবে পাকিস্তানের সঙ্গে একাধিক ফ্ল্যাগ মিটিং হওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি। কোনওভাবেই এই বিএসএফ জওয়ানকে ভারতের হাতে তুলে দেয়নি পাকিস্তান। যত সময় গড়ায় ততই অন্ধকার ঘিরে ধরে পরিবারকে।
ফিরোজপুরে গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। স্বামীকে ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হন রজনী। অবশেষে এল সেই খুশির পল। বুধবার সকাল সাতটা নাগাদ তাঁরা খবর পান পূর্ণমকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। তারপরেই তাঁদের রিষড়ার বাড়িতে খুশির আবহ।
সকাল থেকেই শুরু হয় মিষ্টি বিলি। পূর্ণমের মা জানান, ছেলে মিষ্টি দই খেতে খুব ভালবাসে। সে ঘরে ফিরলে অনেক কিছু রান্না করবেন তিনি। খাওয়াবেন প্রতিবেশীদেরও। রজনী বলেন, "সকালেই স্বামীর সঙ্গে কথা হয়েছে। তাঁর মেডিক্যাল টেস্ট হয়েছে। শরীর সুস্থ আছে। আমাদের সবার কথা জিজ্ঞেস করেছে সে।"