হলুদ, সবুজ এবং সাদা সম্মিলিত পতাকা উন্মোচন করেছেন, ইস্তেহার প্রকাশ করেছেন। অবাক করে দিয়ে একই সঙ্গে দলের প্রার্থীদেরও নাম ঘোষণা করে দিয়েছেন তিনি।

হুমায়ুন কবীর
শেষ আপডেট: 22 December 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো: শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের সেই অমর সংলাপ “What’s in a name?”। নাম কি সত্যিই মানুষের পরিচয়ের চেয়েও বড়? জুলিয়েটের কথায়, নাম বদলালেও গোলাপের গন্ধ তো বদলায় না। এক্ষেত্রেও গন্ধ বদলায়নি। মঞ্চটা রাজনীতির হলেও বদলেছে কেবল দল। যে দলের নাম 'জনতা উন্নয়ন পার্টি' (JUP)। দলনেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)।
সোমবার তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক নিজের দল ঘোষণা করেছেন (Humayun Kabir New Party)। হলুদ, সবুজ এবং সাদা সম্মিলিত পতাকা উন্মোচন করেছেন, ইস্তেহার প্রকাশ করেছেন। অবাক করে দিয়ে একই সঙ্গে দলের প্রার্থীদেরও নাম ঘোষণা করে দিয়েছেন তিনি। যেখানে রয়েছেন চারজন হুমায়ুন কবীর (Humayun Kabir News)। দলনেতা নিজে লড়বেন ভরতপুর ও রেজিনগর- দুই কেন্দ্র থেকে।
এছাড়াও ভগবানগোলায় লড়বেন আর এক হুমায়ুন কবীর। তিনি পেশায় ব্যবসায়ী। রানিনগর থেকে যিনি লড়বেন, তাঁর নামও হুমায়ুন কবীর। আরও এক হুমায়ুন কবীর নাকি দলের হয়ে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। এখন প্রশ্ন উঠতে পারে, একই দলে আচমকা কেন এত হুমায়ুন কবীর। সে উত্তরও দিয়েছেন খোদ ভরতপুরের বিধায়ক। তিনি জানিয়েছেন, "হুমায়ুন কবীর মানেই ভাগ্যবান।"
এক নজরে দেখে নেওয়া যাক প্রার্থী তালিকা
হুমায়ুন আগেই জানিয়েছিলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়ী হওয়াই তাঁর লক্ষ্য। কারণ, তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে, তারা কেউই হুমায়ুনকে মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে অন্তত ৯০টি আসনে জেতাতে হবে তাঁর নতুন দলকে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নওসাদ সিদ্দিকির (Naushad Siddiqui) নেতৃত্বে তৈরি হয়েছিল 'ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট' বা আইএসএফ (Indian Secular Front)। সেই দল থেকে বিধায়কও নির্বাচিত হন নওসাদ। সেই নজির সামনে রেখেই অনেকে মনে করছেন, ২০২৬-র আগে হুমায়ুন কবীরের দল রাজনীতির ময়দানে নতুন অঙ্ক কষতে পারে।