
শেষ আপডেট: 13 February 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো: গত দু'বছরের বেশি সময় ধরে বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন পর্যবেক্ষণ। শুধু এজলাসের মধ্যে নয়, আদালতের বাইরেও বিভিন্ন বিষয়ে নিয়ে মন্তব্য করে বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।
অনেকের মতে, রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের জেরেই জেলযাত্রা নিশ্চিত হয়েছে রাজ্য শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন পদস্থ কর্তার। এবার সেই বিচারপতির মুখেই জেলযাত্রার কথা!
একটি মামলার প্রসঙ্গে মঙ্গলবার এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "অবসর নেওয়ার পরে একটা ছোট লেখা লিখব। তাতে যদি জেলে যেতে হয় যাব।"
বিচারপতির এমন মন্তব্যকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে আইনজীবীদের মধ্যে। কী এমন লেখার কথা 'ভাবছেন' বিচারপতি গঙ্গোপাধ্যায়, যার জন্য 'তাঁর জেল হতে পারে', তা নিয়ে চর্চাও শুরু হয়েছে আইনজীবীদের মধ্যে। তাঁদের অনেকের মতে, আইন আদালত সংক্রান্ত বিষয় নিয়েই হয়তো লেখার কথা বলতে চেয়েছেন বিচারপতি। যদিও লেখার বিষয়বস্তু তিনি স্পষ্ট করেননি।
আদালত সূত্রে জানা গেছে, শাশুড়িকে খুনের অপরাধে জেলবন্দি অসীমা বিশ্বাস। জেলে থাকাকালীনই বিকল হয়ে গেছে দুটি কিডনি। বাঁচার আশা ক্ষীণ। চিকিৎসকরাও জবাব দিয়ে দিয়েছেন। ওই মহিলার শেষ ইচ্ছে, মৃত্যুর আগের কটা দিন নিজের নাবালিকা মেয়ের সঙ্গে সময় কাটাতে চান।
হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে বিচারাধীন মামলায় দীর্ঘদিন ধরে দিদির (অসীমা বিশ্বাস) জামিনের আবেদন জানিয়েও শুনানি না হওয়ায় গত ১২ ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদন জানিয়েছিলেন অসীমার বোন অর্পিতা নাথ।
তাঁর মুখে সব শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় দ্রুত শুনানির জন্য পদক্ষেপ করেছিলেন। ওই প্রসঙ্গ টেনেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন এই মন্তব্য করেছেন বলে আদালত সূত্রের খবর।