তাঁর কথায়, “আজকের দিনে দাদা বা দিদি কেউ আপনাদের রক্ষা করতে আসবে না। নিজেদেরই নিজেদের রক্ষা করতে হবে।”

কার্তিক মহারাজ।
শেষ আপডেট: 14 January 2026 17:14
দ্য ওয়াল ব্যুরো: কারও উপর নির্ভর না করে নিজেদের নিরাপত্তা নিজেদের হাতেই তুলে নেওয়ার ডাক দিলেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ (Kartik Maharaj)। বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আয়োজিত হিন্দু সম্মেলনের মঞ্চ থেকে একের পর এক তীক্ষ্ণ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করেছিল ঘাটালের সনাতনী নাগরিকবৃন্দ।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কার্তিক মহারাজ বলেন, “আজকের দিনে হয়তো আপনাদের হাতে রিভলবার তুলে দেওয়া সম্ভব নয়। কিন্তু নিজেদের মা-বোন, মেয়েদের রক্ষার জন্য অন্তত লঙ্কা গুঁড়োর প্যাকেট তো তুলে দেওয়া যায়।”
তাঁর সংযোজন, মহিলাদের সম্ভ্রম রক্ষায় প্রয়োজনে রাস্তায় নামতে হবে প্রতিবাদ ও প্রতিরোধে। কার্তিক মহারাজ বলেন, “মা দুর্গার ত্রিশূল হাতে নিয়ে দুষ্টের দমন করতে হবে।”
এর পরই আরও স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান কার্তিক মহারাজ। তাঁর কথায়, “আজকের দিনে দাদা বা দিদি কেউ আপনাদের রক্ষা করতে আসবে না। নিজেদেরই নিজেদের রক্ষা করতে হবে।” পাশাপাশি তিনি দেশের জন্য আত্মত্যাগে প্রস্তুত প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান। বিনয়-বাদল-দীনেশের উদাহরণ টেনে বলেন, দুষ্টের দমন করতে হলে তেমনই সাহসী সন্তান গড়ে তুলতে হবে।
বক্তৃতায় স্বামী বিবেকানন্দের প্রসঙ্গও টানেন কার্তিক মহারাজ। তিনি বলেন, “সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়। কিন্তু অন্য কিছুর জন্য কখনও সত্যকে ত্যাগ করা যায় না।” একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে রাজ্য ও জেলার মহিলাদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কার্তিক মহারাজ বলেন, “এর আগে ভেড়া নেতৃত্ব দিত, তাই দেশের পরিস্থিতি এমন ছিল। এখন সিংহ নেতৃত্ব দিচ্ছে, তাই দেশ উন্নতির পথে এগোচ্ছে।”
তাঁর বক্তব্যে বারবার উঠে আসে ‘শাস্ত্র’ ও ‘অস্ত্র’-এর যুগলবন্দির কথা। তিনি বলেন, “এক হাতে শাস্ত্র, এক হাতে অস্ত্র, এই দুই নিয়েই দেশের উন্নতি সম্ভব। শাস্ত্রবিহীন বা অস্ত্রবিহীন হয়ে কখনওই দেশের প্রকৃত উন্নতি হয় না।”
এদিনের সভায় ঘাটাল-সহ আশপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় জমান। অনুষ্ঠানের সূচনা করেন কার্তিক মহারাজ নিজেই। একাধিক বক্তা বক্তব্য রাখলেও, সবশেষে দীর্ঘ ভাষণ দিয়ে সম্মেলনের সমাপ্তি টানেন তিনিই।