
শেষ আপডেট: 19 January 2023 07:44
দ্য ওয়াল ব্যুরো: সারা দেশে আলোড়ন পড়ে গিয়েছে কুস্তিগির ভিনেশ ফোগতের মন্তব্য। বুধবার তিনি নয়াদিল্লির যন্তরমন্তরে ধর্না মঞ্চে বলেছিলেন, কুস্তি ফেডারেশনের সভাপতি (WFI President) তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিং মহিলা ক্রীড়াবিদদের নিয়মিত যৌন হয়রানি (Molestation charge) করেন।
বৃহস্পতিবার ভিনেশের বক্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন ওই নামী কর্তা। তিনি বলেছেন, 'ভিনেশের ওই অভিযোগ প্রমাণিত হলে আমি আত্মহত্যা করব।'
শুধু ভিনেশ নন, ফেডারেশনের ওই শীর্ষ কর্তা রেগে গিয়েছেন বজরং পুনিয়ার ওপরও। তিনি বলেছেন, 'বজরংকে তুলে আনার পিছনে আমার অবদান রয়েছে। আর ও অতীত ভুলে আমার নামে এসব কী করে বলল, আমি জানি না। আমি এই গোটা বিষয়ের তদন্ত চাই।'
কোনও ফেডারেশনের বিরুদ্ধে ক্রীড়াবিদদের এমন বিদ্রোহ আগে দানা বাঁধেনি। তাই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও। দেশের নামী কুস্তিগিররা এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন।
গতকাল সংবাদমাধ্যমের কাছে মূলত মুখ খুলেছেন দুই কমনওয়েলথ পদকজয়ী বজরং পুনিয়া ও ভিনেশ ফোগত। বজরং যেমন বলেছেন, 'দেশের কুস্তি ফেডারেশনে দুর্নীতি বাসা বেঁধেছে। যেখানে কুস্তিগিরদের রক্ষা করার দায়িত্ব ফেডারেশনের, সেখানে তারাই আমাদের শোষণ করছে।'
ভিনেশ আরও একধাপ এগিয়ে কর্তাদের যৌন হেনস্থার ঘটনা ফাঁস করেছিলেন। ভিনেশ বেশ আক্রমণাত্মক ঢঙে বলেছিলেন, 'দেশের মহিলা কুস্তিগিররা আদৌ সুরক্ষিত নয়। ফেডারেশনের সভাপতি নিজেই কুস্তিগিরদের যৌন হেনস্থা করে থাকেন। এমনকী ফেডারেশনের ছত্রছায়ায় থাকা কোচেরাও একই কাণ্ড ঘটান। আমরা এই বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি।'
ভিনেশের বক্তব্যের পরের দিনই মুখ খুলেছেন ব্রিজ ভূষণ সিং। তিনি হরিয়ানায় বিজেপির সাংসদও বটে। তিনিও পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলে দিয়েছেন, 'এসব অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে, তা হলে আমি আত্মহত্যা করব। কেউ এসব কথা বলে পার পাবে না।’
১০০ টাকায় ৪০ টাকা ঘুষ মন্ত্রীকে, দুর্নীতির অভিযোগে জেরবার কর্নাটকের বিজেপি