শহুরে পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা, নিরাপত্তা ও নাগরিক সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শুরু হয়েছিল ‘যাত্রী সাথী’। ক্যাশলেস ট্রানসেকশন, রিয়েল-টাইম ম্যাপিং, নিরাপদ যাত্রা— এই তিনটি বিষয়কে মাথায় রেখে এই প্রকল্পটি শুরু করা হয়েছিল।

ফাইল চিত্র
শেষ আপডেট: 10 November 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্য সরকারের কোনও প্রকল্প জাতীয় সেরার পুরস্কার পেল। কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারের 'যাত্রী সাথী' অ্যাপকে শহরাঞ্চলে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারণে পুরস্কৃত করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের উদ্যোগে গড়ে ওঠা ‘যাত্রী সাথী’ প্রকল্প এবার জাতীয় স্বীকৃতিতে সম্মানিত। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক (MoHUA), ভারত সরকার, এই প্রকল্পকে দিয়েছে Award of Excellence এবং Best Urban Transport Project-এর রানিং ট্রফি।
শহুরে পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা, নিরাপত্তা ও নাগরিক সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শুরু হয়েছিল ‘যাত্রী সাথী’। ক্যাশলেস ট্রানসেকশন, রিয়েল-টাইম ম্যাপিং, নিরাপদ যাত্রা— এই তিনটি বিষয়কে মাথায় রেখে এই প্রকল্পটি শুরু করা হয়েছিল। স্বল্প সময়ে এই প্রকল্প শুধু কলকাতা ও বাংলায় জনপ্রিয় হয়নি; বরং রাষ্ট্রীয় স্তরে মডেল হয়ে উঠেছে।
শুরু হওয়ার পর থেকে এদিন পর্যন্ত 'যাত্রী সাথী' অ্যাপ ব্যবহার করে মোট ১.৪২ কোটি বার যাতায়াত করেছেন যাতে উপকৃত হয়েছেন ১.৩ লক্ষেরও বেশি চালক-সাথী এবং এই পরিষেবার সুবিধা পেয়েছেন প্রায় ৪৫ লক্ষ যাত্রী।
এই মডেল ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্য গ্রহণ করতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ট্রান্সপোর্টেশন ও লাস্ট-মাইল কানেক্টিভিটির ক্ষেত্রে ভবিষ্যতের পথ দেখাচ্ছে পশ্চিমবঙ্গের এই নতুন উদ্যোগ।