মুখ্যমন্ত্রীর বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার সম্ভাবনা। তার আগে এত কম সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি, ফর্ম ফিলআপ— বাস্তবে অসম্ভব।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 November 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: যেভাবে তাড়াহুড়ো করে এসআইআর (SIR) এর কাজ করতে চাইছে বিজেপি এবং নির্বাচন কমিশন (Election Commission) তাতে মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হতে পারে বলে এদিনই উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মমতা এও জানান, 'এসআইআর স্টে হওয়া উচিত'।
মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের কিছু পরেই এসআইআর নিয়ে তৃণমূলের (TMC,) তরফে সুপ্রিমকোর্টে দায়ের হল মামলা (Supreme Court)। আগামিকাল মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিন তৃণমূলের তরফে সুপ্রিমকোর্টে এই মামলা দায়ের করেছেন দলের দুই সাংসদ দোলা সেন ও মালা রায়।
আদালতে তাঁদের আবেদন, এসআইআরের মতো গুরুত্বপূর্ণ কাজ এত তাড়াহুড়ো করে করা উচিত নয়। তাতে অনেক ভুল থাকতে পারে।
এদিন উত্তরকন্যার বৈঠক থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একবন্ধনীতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নোটবন্দির মতো এসআইআরও গায়ের জোরে পগার পার করবে ভাবছে। কিন্তু পগার পার ওদের হতে হবে। বাংলার মানুষ ক্ষমা করবে না।”
তারপরই নাটকীয় ভঙ্গিতে সোজাসুজি নির্বাচন কমিশনের সিইও-র উদ্দেশে মন্তব্য— “হ্যালো স্যার, ক্যান ইউ হিয়ার মি?” কিছুক্ষণ বিরতির পর যোগ করলেন, “আমার মনে হয় এসআইআর স্টে করা উচিত। কোটি কোটি মানুষ এখনও ফর্মই পায়নি।”
কেন এই দাবি? মুখ্যমন্ত্রীর বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার সম্ভাবনা। তার আগে এত কম সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি, ফর্ম ফিলআপ— বাস্তবে অসম্ভব।
অভিযোগ, “এই তিন মাস যাতে রাজ্য কোনও কাজ করতে না পারে, তাই সুপার এমার্জেন্সির মতো অবস্থা তৈরি করে অফিসারদের আটকে রেখেছে। টিচারদের স্কুল করতে হচ্ছে, আবার বিএলও-দের দায়িত্বও সামলাতে হচ্ছে। ২ ঘণ্টায় কত বাড়ি যেতে পারবে?”
কেন্দ্রকে বিঁধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। মানুষের হৃদয় কাঁদছে, আর বিজেপি হাসছে। কিন্তু জেনুইন ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলব না। যত আঘাত করবে, তত প্রত্যাঘাত হবেই।”
তৃণমূলের অভিযোগ, এসআইআরের নাম করে বাংলার প্রকৃত ভোটারদের একাংশের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে শাসকদলের হাতে কিছু নথি এসেছে বলেও খবর। তারই ভিত্তিতে এদিন তৃণমূলের তরফে সুপ্রিম কোর্চে দায়ের করা হল মামলা।