এর আগে দাম বাড়ত ১ বা ২ টাকা করে। কিন্তু এবার এক ধাক্কায় ৪ টাকার বৃদ্ধি সাধারণ ক্রেতাদের পকেটে চাপ বাড়িয়েছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 10 November 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: এবার দুধের কাপে ঝড় (Milk price)! এক লাফে লিটার প্রতি ৪ টাকা বেড়ে গেল বাংলার ডেয়ারির দুধের দাম (Bengal Dairy)। অক্টোবর পর্যন্ত যেখানে ‘সুপ্রিম’ দুধের দাম ছিল ৫৬ টাকা, নভেম্বরেই সেটি হয়েছে ৬০ টাকা। অন্যান্য দুধের দামও একইসঙ্গে চড়েছে — ‘তৃপ্তি’ দুধ ৫২ টাকা থেকে ৫৪, আর ‘স্বাস্থ্যসাথী ডবল টোন’ দুধ ৪৬ থেকে ৪৮ টাকা।
এর আগে দাম বাড়ত ১ বা ২ টাকা করে। কিন্তু এবার এক ধাক্কায় ৪ টাকার বৃদ্ধি সাধারণ ক্রেতাদের পকেটে চাপ বাড়িয়েছে। রাজ্যের জনপ্রিয় দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলার ডেয়ারির দাবি, উৎপাদন খরচ বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক হয়েছে।
রাজ্য সরকারের প্রাণী সম্পদ দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে দুধের উৎপাদন গত বছরে ৯.৭ শতাংশ বেড়েছে। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে সবুজ ঘাস ও গরুর খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “খাদ্যের দাম বেড়েছে, ফলে উৎপাদন ব্যহত হয়েছে। কাঁচা মাল ও পরিবহণ খরচও বেড়েছে।”
ক্রেতাদের কথায়, মাত্র বছর দেড়েক আগেই যখন বাংলার ডেয়ারির ‘সুপ্রিম’ দুধ বাজারে আসে, তখন তার দাম ছিল ৫০ টাকা লিটার। অর্থাৎ এক বছরের মধ্যেই দাম বেড়েছে ১০ টাকা!
তবে শুধু বাংলার ডেয়ারিই নয়, আমুল, মেট্রো, হেরিটেজ-সহ একাধিক সংস্থাও সম্প্রতি দুধের দাম বাড়িয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে শীতের মরশুমে দুধের দাম আরও বাড়তে পারে।
২০১৯ সালে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (NDDB)-এর নিয়ন্ত্রণ থেকে রাজ্যের হাতে চলে আসে মাদার ডেয়ারি। এরপর ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাম বদলে হয় ‘বাংলার ডেয়ারি’।
এদিকে হঠাৎ দুধের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। গৃহিণীরা বলছেন, “সব কিছুর দামই বাড়ছে, এখন দুধও ছুঁয়েছে আকাশ!”