চলতি বছরে একের পর এক বৃষ্টির দাপটে যেন রেকর্ড গড়েছে বর্ষা। কয়েক মাস ধরে অবিরাম চলছে ঝড়-বৃষ্টি। প্রায় সারা বছরই নিম্নচাপ ঘিরে রেখেছে আবহাওয়া।

আবহাওয়া
শেষ আপডেট: 19 August 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে একের পর এক বৃষ্টির দাপটে যেন রেকর্ড গড়েছে বর্ষা। কয়েক মাস ধরে অবিরাম চলছে ঝড়-বৃষ্টি। প্রায় সারা বছরই নিম্নচাপ ঘিরে রেখেছে আবহাওয়া। আগস্ট মাসেও সেই ধারা অব্যাহত, বৃষ্টি থেকে মিলছে না মুক্তি।
গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা। যদিও মাঝখানে কয়েকদিনের জন্য পরিস্থিতি কিছুটা বদলেছিল, ফের নতুন নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং তা নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, মঙ্গলবার দুপুরের মধ্যে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলে ঢুকে পড়তে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আজ সকালেই তা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল ঘেঁষে চলেছে। বর্তমানে মৌসুমি অক্ষরেখা জয়সলমের, উদয়পুর, বিদর্ভ হয়ে পূর্ব-দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে।
এই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই উত্তর বঙ্গোপসাগর ও লাগোয়া এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে না, তবে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
আজ দিনভর কলকাতাসহ হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে।
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার পর্যন্ত। জলপাইগুড়ি ও মালদায় ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।