ইতিমধ্যে বেশ কিছু সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। জানান হয়েছে, নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। নীচু এলাকায় নতুন করে জল জমতে পারে।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 July 2025 09:22
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ সৃষ্টির ফলে আজ বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update)। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার জন্য বিশেষ সতর্কতা। কলকাতাতেও (Kolkata) শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের ২৭ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নীচু এলাকায় বন্যার আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর।
ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত হয়েছে পূর্ব এশিয়ার বিধ্বংসী ঝড় উইফার (WIPHA)-এর অবশিষ্টাংশ। ফলত, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা দিঘা ও জামশেদপুর হয়ে বঙ্গোপসাগরে বিস্তৃত। সেই কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি, গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২। আপেক্ষিক আর্দ্রতা ৬২-৯১ শতাংশ।
ইতিমধ্যে বেশ কিছু সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। জানান হয়েছে, নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। নীচু এলাকায় নতুন করে জল জমতে পারে। মৎস্যজীবীদের জন্য ২৭ জুলাই পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা।
এদিকে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি নিতে আবহাওয়াবিদদের পরামর্শ মানার অনুরোধ করা হয়েছে।