সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে পারে বর্ষা। বুধবার (২৩ জুলাই) থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া
শেষ আপডেট: 20 July 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে পারে বর্ষা। বুধবার (২৩ জুলাই) থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের কোনও আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে এবং উচ্চ জলীয়বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।
আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান (পূর্ব ও পশ্চিম), হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বুধবার থেকে তা ফের বাড়বে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি গতিতে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার (২২ জুলাই) পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ রবিবার মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। পাশাপাশি দক্ষিণ ভারতেও একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে অন্ধ্র উপকূল পর্যন্ত, যা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি করছে।