জলঙ্গি দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলায় যাওয়ার পথে বাসে বসে তৃণমূলের এক যুবনেতা একটি ফেসবুক লাইভ করেন। যেখানে দেখা যাচ্ছে, বাসে চলছে চিকনি চামেলি গান। সঙ্গে উদ্দাম নাচ।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 20 July 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: একুশে জুলাই (21 July), শহিদ দিবস। প্রতি বছর এই দিনটিতে ধর্মতলায় শহিদদের স্মরণে মহাসমাবেশ করে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই উদ্দেশ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা রওনা দিয়েছেন কলকাতার দিকে। এই আবহে, জলঙ্গি থেকে উঠে এল এক বিতর্কিত ভিডিও।
জলঙ্গি দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলায় যাওয়ার পথে বাসে বসে তৃণমূলের এক যুবনেতা একটি ফেসবুক লাইভ করেন। যেখানে দেখা যাচ্ছে, বাসে চলছে চিকনি চামেলি গান। সঙ্গে উদ্দাম নাচ। কেউ কেউ উত্তেজনার ঠেলায় জামাও খুলে ফেলেছেন। যেন উৎসব লেগেছে। অথচ সেই যাত্রার লক্ষ্য শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
ভিডিও ছড়িয়ে পড়তেই জলঙ্গির রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। সাধারণ মানুষ ও বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছেন, শহিদ স্মরণ কি এবার নিছকই আনন্দযাত্রায় রূপ নিচ্ছে?”, “একুশে জুলাইয়ের মূল উদ্দেশ্য কি তবে হারিয়ে যাচ্ছে?”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, “এই ধরনের আচরণ শুধু অশোভনই নয়, শহিদদের প্রতি এক ধরনের অসম্মান। শোক ও শ্রদ্ধার দিনে এমন চিত্র ভাবনারও বাইরে।” যদিও এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ভিডিও বা বিতর্ক নিয়ে কোনও মন্তব্য আসেনি।