শনিবার বীরভূমের মল্লারপুরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লা শেখকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়া হয়। গুরুতর জখম হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 July 2025 21:34
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ফের খুন তৃণমূল নেতা। শনিবার বীরভূমের মল্লারপুরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লা শেখকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়া হয়। গুরুতর জখম হন তিনি (TMC Leader killed in Birbhum)। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযোগ উঠেছে গোষ্ঠী সংঘর্ষের। ২১ জুলাইয়ের সমাবেশের মাত্র দু'দিন আগে তৃণমূল নেতা খুনের ঘটনায় উদ্বেগ বেড়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে বাড়ি ফেরার সময় বিষাই গ্রামে বাইতুল্লা শেখকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা (TMC Leader killed in Birbhum)। তাঁর মাথার পিছনে ও ঘাড়ে আঘাত লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। বোমাবাজির আওয়াজে এলাকাবাসীরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় বাইতুল্লাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত বাইতুল্লা শেখের স্ত্রী ময়ূরেশ্বর ১ নং পঞ্চায়েত সমিতির বর্তমান অধ্যক্ষ। পরিবারের তরফে জানানো হয়েছে, প্রতিদিন প্রায় একই পথ ধরে বাড়ি ফিরতেন ওই তৃণমূল নেতা। তাই দুষ্কৃতীরা পরিকল্পনা করেই তাঁকে খুন করেছে বলে অনুমান করা হচ্ছে। গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ উঠছে। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের দাবি, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে বাইতুল্লাকে।
সাম্প্রতিক কালে তৃণমূলের বেশ কয়েক জন নেতা খুন হয়েছেন বা কারও উপর গুলি চলার ঘটনা ঘটেছে। বীরভূমের ঘটনা হল নবতম সংযোজন। গত সপ্তাহেই ভাঙড়ে খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। বাড়ি ফেরার সময় তৃণমূল নেতার পিছু নেন একদল দুষ্কৃতী। তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। মৃত্যু নিশ্চিত করতে তাঁকে ধারাল অস্ত্রের কোপও মারা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় চারজনকে। তাঁরা তৃণমূলের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছিল পুলিশ সূত্রে।
ক'দিন আগেই সাঁইথিয়াতে খুন হন শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি পীয়ুষ ঘোষ। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। এরপরই তাঁর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। যদিও পুলিশি তদন্তে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব উঠে এসেছে। এই ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়।
সোমবার ২১ জুলাই। তৃণমূলের শহীদ সমাবেশের প্রস্তুতি চলছে জোরকদমে। এরমধ্যেই অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে তৃণমূল নেতা খুন। এনিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।