এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছানোর আশঙ্কা। বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরে ‘লু’ সতর্কতা, কলকাতায় ভ্যাপসা গরম। ৭ এপ্রিল থেকে কালবৈশাখীর সম্ভাবনা।

আবহাওয়া
শেষ আপডেট: 2 April 2026 10:51
দ্য ওয়াল ব্যুরো: সবে আজ এপ্রিলের দু'দিন, কিন্তু গরমের দাপট যেন মে-জুনকেও টেক্কা দিতে শুরু করেছে। মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বাড়ছে রোদের তেজ এবং তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েক দিনে গরম আরও বাড়বে। বিশেষ করে ২ থেকে ৬ এপ্রিলের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুর জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই দহন জ্বালা আরও বাড়িয়ে তুলতে পারে তপ্ত ও শুষ্ক গরম হাওয়া, অর্থাৎ ‘লু’। তবে ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে আবহাওয়ায় কিছুটা বদল আসার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। ফলে দিনের দিকে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে শহরবাসীকে।
দক্ষিণবঙ্গেও গরমের দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। লু সরাসরি না বইলেও রোদের তেজ ও ভ্যাপসা গরমে স্বস্তি মিলবে না। তবে ৭ এপ্রিল থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, সঙ্গে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম। বৃহস্পতিবার সেখানে বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবারও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে, ফলে গরমের তীব্রতা কিছুটা কম থাকবে।