দোলের দিন কলকাতা ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে উঠতে পারে। বাড়ছে জলীয় বাষ্পের অস্বস্তি।

আবহাওয়া
শেষ আপডেট: 3 March 2026 10:28
দ্য ওয়াল ব্যুরো: দোলের সকাল থেকেই রোদে পুড়ছে কলকাতা ও দক্ষিণবঙ্গ। উৎসবের দিনে রঙে ভেজার সঙ্গে সঙ্গেই ঘামেও ভিজতে হতে পারে শহরবাসীকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ আরও বাড়বে। তার সঙ্গে বাতাসে অত্যধিক জলীয় বাষ্প অস্বস্তি বাড়াবে। ফলে প্যাচপ্যাচে গরমে দোলের আনন্দে কিছুটা ভাটা পড়তে পারে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে উঠতে পারে বলে জানানো হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আজ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের ইঙ্গিত নেই।
আবহাওয়াবিদদের মতে, দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে চারটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর পাশাপাশি বুধবার উত্তর-পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এই সব কিছুর প্রভাবেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, যা গরমের অস্বস্তিকে আরও তীব্র করে তুলছে।
এরই মাঝে দোল পূর্ণিমায় রাজ্যবাসীর জন্য রয়েছে এক বিশেষ আকর্ষণ। বিকেলে আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য—চন্দ্রগ্রহণের সঙ্গে ‘ব্লাড মুন’। বিকেল ৩টে ২১ মিনিটে গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে শেষ হবে। ভারত থেকে এই চন্দ্রগ্রহণ সবচেয়ে স্পষ্ট দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে এই দৃশ্য উপভোগ করা যাবে।