কলকাতা ও জেলায় আপাতত আরও দু’দিন স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। সোমবার থেকে ধীরে ধীরে পারদ বাড়ার ইঙ্গিত। কুয়াশার সতর্কতার মধ্যেই সরস্বতী পুজোয় মনোরম আবহাওয়ার পূর্বাভাস।

আবহাওয়া
শেষ আপডেট: 17 January 2026 16:03
দ্য ওয়াল ব্যুরো: আপাতত আরও দু’দিন স্বাভাবিকের নীচেই থাকবে তাপমাত্রা। আজ ও কাল কলকাতায় পারদ ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবারের মধ্যে শহরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। সেই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
জেলাগুলির ক্ষেত্রেও সোমবার থেকেই তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা সামান্য কমতে পারে, অথবা একই রকম অবস্থায় কয়েকদিন স্থির থাকতে পারে।
উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আগামীকাল রবিবার থেকে রাজ্যের বিভিন্ন অংশে কুয়াশার প্রভাব বাড়বে। দক্ষিণবঙ্গে রবিবার নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবারও এই জেলাগুলিতে কুয়াশার দাপট থাকতে পারে।
উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা তুলনামূলকভাবে বেশি থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। যদিও সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
সরস্বতী পুজোর আবহাওয়া
সরস্বতী পুজোর সময় আবহাওয়া মোটের উপর স্বাভাবিক থাকবে। আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও সোমবার থেকে তা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে স্বাভাবিকের কিছুটা উপরে যেতে পারে। সরস্বতী পুজোর দিন ফের সামান্য কমে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসতে পারে পারদ।
ফলে সরস্বতী পুজোর সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়ার সঙ্গে হালকা শীতের আমেজ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে হালকা উষ্ণতার ছোঁয়া মিলতে পারে। তবে ওই দিন ঘন কুয়াশার সম্ভাবনা কম। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও আকাশ মূলত পরিষ্কার থাকবে। আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই।