শরতেও বৃষ্টির দাপট! নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে সপ্তাহজুড়ে।

আবহাওয়া
শেষ আপডেট: 30 August 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ আবারও সক্রিয় হওয়ায় আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এরপর মঙ্গলবার থেকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার কারণে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ বাড়বে।
উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকাল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে অবশ্য উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।