প্রশাসনের আশঙ্কা, ওই দিন সকালে থেকে রাত পর্যন্ত শ্যামবাজার থেকে হাওড়া, বেহালা থেকে পার্ক স্ট্রিট, যানজট দেখা দিতে পারে বিভিন্ন জায়গায়। তবে কলকাতা পুলিশের এও দাবি, বিকল্প রুটের ব্যবস্থা থাকায় বড়সড় সমস্যা এড়ানো যাবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 August 2025 14:44
দ্য ওয়াল ব্যুরো: একে পুজোর প্যান্ডেল, বাঁশের কাজ, রাস্তায় হোর্ডিংয়ের জন্য মাচা তৈরি আর বৃষ্টির ফলে প্রতিদিনই কম-বেশি নাকাল হতে হচ্ছে শহরবাসীকে। তারওপর ৩১ অগস্ট সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। যার ফলে দুর্ভোগ বাড়বে।
কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দিন সেতুর গুরুত্বপূর্ণ মেরামতির কাজ করবে হুগলি রিভার ব্রিজ কমিশনারস অথরিটি। স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদলানো হবে। ফলে প্রায় ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ততম এই সেতুতে।
শুক্রবার কমিশনার অফ পুলিশ মনোজ কুমার বর্মা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং এর সমস্ত র্যাম্প দিয়ে কোনও ধরনের গাড়ি চলাচল করতে পারবে না।
পশ্চিমমুখী গাড়ি এ জে সি বোস রোড ধরে জেরুত আইল্যান্ড হয়ে সেতুর দিকে এলে, সেগুলি ঘুরিয়ে দেওয়া হবে টার্ফভিউ হয়ে হেস্টিংস ক্রসিং-সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে। একইভাবে, খিদিরপুর থেকে আসা পূর্বমুখী গাড়িও হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, কেপি রোড হয়ে সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকেও ফিরিয়ে দেওয়া হবে ১১ ফারলং গেট থেকে, হাওড়া ব্রিজ বা রেড রোড হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলির দিকেও ট্র্যাফিক ঘুরিয়ে দেওয়া হবে।
প্রশাসনের আশঙ্কা, ওই দিন সকালে থেকে রাত পর্যন্ত শ্যামবাজার থেকে হাওড়া, বেহালা থেকে পার্ক স্ট্রিট, যানজট দেখা দিতে পারে বিভিন্ন জায়গায়। তবে কলকাতা পুলিশের এও দাবি, বিকল্প রুটের ব্যবস্থা থাকায় বড়সড় সমস্যা এড়ানো যাবে।