উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও সতর্কতা জারি।

আবহাওয়া
শেষ আপডেট: 7 August 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: মৌসুমি অক্ষরেখা এখন হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উত্তরবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের অবস্থা বেশি উদ্বেগজনক। আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও। মালদা ও দুই দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার, শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবার ফের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারের জন্য। কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। মঙ্গলবার ও বুধবারও ওই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নদী ফুলে ফেঁপে উঠতে পারে। বিশেষত তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। দার্জিলিং-কালিম্পং-এর পার্বত্য অঞ্চলে ধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টির দানা বাঁধছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে।
রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে। তবে মঙ্গলবার ও বুধবার ফের সব জেলাতেই দুই-এক পশলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়বে, তার থেকেও বেশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়তে পারে।
উত্তর বঙ্গোপসাগরও রয়েছে বিপদের আশঙ্কায়। আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে নিষেধ করা হয়েছে।