মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। এর সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যা এখন ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে।

আবহাওয়া
শেষ আপডেট: 19 June 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। এর সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যা এখন ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। পাশাপাশি পঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি সিয়ার লাইন। এই আবহজনিত কারণেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে।
উত্তরবঙ্গে আজই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। মালদা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে।
শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে রবিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। আবার মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।
দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা ও আশেপাশের পূর্ব দিকের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও মুর্শিদাবাদ জেলায়। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা।
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা নেই। তবে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। এই দুই দিনেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং বইবে দমকা ঝোড়ো হাওয়া।