দুর্গাপূজার আগেই নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কোথায় কতটা বৃষ্টি হতে পারে, জানুন বিস্তারিত।

আবহাওয়া
শেষ আপডেট: 2 September 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: এবার দুর্গাপূজো সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে। অথচ সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বর্ষা বিদায় নেয় বাংলা থেকে। ফলে এবারের পুজো পড়ছে বর্ষার মাঝামাঝি সময়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, এবারের পুজোর দিনগুলোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও কতটা বৃষ্টি হবে বা ঠিক কোন দিনে হবে, তা এত আগে থেকে বলা সম্ভব নয়।
আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, উত্তর–পূর্ব সাগরের ঘূর্ণাবর্ত উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে রূপ নেবে এবং ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবেই আজ ও কাল উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের আজ ও কাল সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে আজ মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রবিবার ও সোমবার ফের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পরিস্থিতি একই রকম। আজ মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পূর্ব–পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলিসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।