রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার ওই ট্রাকটিকে ধরেছিল পুলিশ। দাবি করা হয়, ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং মুহূর্তের মধ্যে যে কোনও অঘটন ঘটতে পারত।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 September 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া গতি এবং ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগে মঙ্গলবার সকালে একটি সেনাবাহিনীর ট্রাককে (Indian Army Truck) আটক করে কলকাতা পুলিশ (Kolkata Police)। গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজুও করা হয়েছে। যদিও সেনার তরফে স্পষ্ট জানানো হয়, গাড়ির গতি বেশি ছিল না। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাজ্য জুড়ে। পুলিশ আদৌ ঠিক কাজ করেছে কিনা, সে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই অবস্থায় সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখিয়ে ঘটনার ব্যাখ্যা দিল কলকাতা পুলিশ।
রাইটার্স বিল্ডিংয়ের (Writers Building) সামনে সেনার ওই ট্রাকটিকে ধরেছিল পুলিশ। দাবি করা হয়, ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং মুহূর্তের মধ্যে যে কোনও অঘটন ঘটতে পারত। ঠিক ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি (CP Manoj Verma)। ফলে পরিস্থিতি আরও উত্তেজক হয়ে ওঠে। সেনা-পুলিশ এই সংঘাতে রাজনৈতিক পারদও চড়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ পোস্ট করা হয়েছে পুলিশের তরফে।
কলকাতা পুলিশ বলছে - ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটি ঘটনার প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ নিয়ে কিছু মহল থেকে নানা ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। এটি স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এবং দোষী চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে যে, অযাচাইকৃত তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না, সরকারি সূত্র থেকে প্রকাশিত সঠিক তথ্যের ওপর নির্ভর করুন।
ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ পোস্ট করে তাঁদের আরও বক্তব্য, ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং ট্রাফিক লেনের নিয়ম ভঙ্গ করা হয়েছিল। অপর একটি গাড়ি চালকের তৎপরতার কারণে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাইটার্স বিল্ডিংয়ের এলাকায় সিগনাল খোলা থাকায় সেনার গাড়ি টার্ন নেয়। ট্র্যাফিক পুলিশের দাবি, বিপজ্জনক ভাবে টার্ন নিয়েছিল গাড়ি। পিছনে সিপির কনভয় ছিল, বিপদ ঘটে যেতে পারত। কিন্তু সেনা বলেছে, তাঁদের গাড়ির পিছনে সিপির কনভয় ছিল সেটা জানা ছিল না। কিন্তু বেপরোয়া গতির তথ্য ভুল।
ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিস যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি। এদিন সকাল ১১টা নাগাদ সেই গাড়ি আটকানো হয়।