একই মামলায় অন্য অভিযুক্তরা জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলে রয়েছেন। কেন তাঁকে জামিন দেওয়া হবে না সেই প্রশ্নই আবারও তুলে তাঁকে জেলমুক্ত করার আর্জি জানানো হয়।

পার্থ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 2 September 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় দীর্ঘদিন ধরে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর আইনজীবীর দাবি, একবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই প্রেক্ষিতে তদন্তকারী সংস্থা ইচ্ছে করেই ষড়যন্ত্র করছে বলে দাবি তাঁর। কিন্তু এই যুক্তিতেও মঙ্গলবার জামিন (Bail) পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ সেপ্টেম্বর।
একই মামলায় অন্য অভিযুক্তরা জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলে রয়েছেন। কেন তাঁকে জামিন দেওয়া হবে না সেই প্রশ্নই আবারও তুলে তাঁকে জেলমুক্ত করার আর্জি জানানো হয়। তবে পার্থর আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের আর্জি গ্রহণ করেনি আদালত।
আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০২২ সালের ৯ জুন কলকাত হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে মামলা রুজু হয়। এরপর ২৪ জুন ইডি (ED) তাঁকে হেফাজতে নেয়। একাধিক মামলায় পার্থ জামিন পেলেও পিএমএলএ মামলায় (PMLA Case) এখনও মুক্তি মেলেনি। অভিযোগ, ২০২৪ সালের ১ অক্টোবর গ্রেফতারের পর থেকে কেবল ১৫ অক্টোবর ছাড়া আর কোনওদিনই তাঁকে হেফাজতে জেরা করা হয়নি। অথচ ওই মামলায় ইতিমধ্যেই ১২ জন অভিযুক্তের মধ্যে ১১ জন জামিনে মুক্ত।
পার্থের আইনজীবীর অভিযোগ, তাঁর মক্কেলকে 'প্রভাবশালী ব্যক্তি' বলে চিহ্নিত করে জামিন আটকে দেওয়া হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেছে - আইনের চোখে সবাই সমান। আইনজীবীর যুক্তি, যদি অন্যরা জামিন পান, তবে একই শর্তে পার্থ চট্টোপাধ্যায়কেও জামিন দেওয়া উচিত।
তাঁর আরও বক্তব্য, ইডির মামলা আসলে একটিমাত্র নথিকে কেন্দ্র করে, যেটি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। অথচ এতদিনে সেই মামলায় তদন্তের অগ্রগতি নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাকে যদি গ্রেফতার করা হয়, তবে জিজ্ঞাসাবাদও করতে হবে। শুধু হেফাজতে রেখে দেওয়া মানে ইচ্ছে করে শাস্তি দেওয়া।”
এখন সব মহলের নজর ৪ সেপ্টেম্বরের শুনানির দিকে। আদৌ পার্থ চট্টোপাধ্যায় জামিন পান কিনা, সেটাই দেখার।
প্রসঙ্গত, গত মাসেই সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির একটি মামলায় শর্তসাপেক্ষ জামিন পান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে জেল থেকে মুক্তি হয়নি কারণ, তাঁর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও চলছে।