উত্তুরে হাওয়া, ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় ফের জাঁকিয়ে শীত। কলকাতায় পারদ ১৪ ডিগ্রির ঘরে, উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা। জানুন আগামী ৭ দিনের আবহাওয়ার আপডেট।

আবহাওয়া
শেষ আপডেট: 14 December 2025 09:21
দ্য ওয়াল ব্যুরো: শীতের দাপট ফের স্পষ্ট বাংলায়। ভোরের কুয়াশা, উত্তুরে হাওয়া আর নামতে থাকা পারদের জেরে রাজ্যজুড়ে বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও আরেকটি ঘূর্ণাবর্তের প্রভাব দেখা যাচ্ছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, এবং নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। এর জেরেই রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, শীতের দাপট আরও কিছুটা বাড়বে বলে পূর্বাভাস।
এরই মধ্যে কলকাতায় ফের নামল পারদ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তুরে হাওয়া বইতে শুরু করায় শীতের অনুভূতি স্পষ্ট। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী অন্তত সাত দিন এই শীতের স্পেল বজায় থাকবে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার সামান্য নীচেই থাকবে। দিনে দিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না, এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করতে পারে পারদ।
উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে কুয়াশার প্রভাব বাড়তে পারে। অন্তত চারটি জেলায় কুয়াশার ঘনঘটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে প্রায় ২০০ মিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
সামগ্রিকভাবে রাজ্যজুড়ে শীতের আমেজ জমাট। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। বাঁকুড়া ও পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। উপকূল ও সংলগ্ন এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, কোথাও কোথাও দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশা নিয়ে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।
সব মিলিয়ে, আগামী সাত দিন উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে শীতের অনুভূতি বজায় থাকবে, আর বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।