
শেষ আপডেট: 10 October 2023 12:26
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি থেকে মুক্তি মিলেছে সদ্যই। হাওয়া অফিস বলে দিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু তারপরেই চড়া রোদ্দুরের তাপে নাজেহাল মানুষজন। দোসর হয়েছে ভয়ানক বেশি আপেক্ষিক আর্দ্রতা। সব মিলিয়েই জল-যন্ত্রণা কমতেই গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে বাংলায়। পূর্ব ভারত থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা একই রকম থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।আগামী তিন-চার দিন কার্যত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বৃহস্পতিবার থেকে জলীয় বাষ্প দ্রুত কমবে। শুকনো বাতাসে আবহাওয়ার পরিবর্তন হবে, পারদও নামবে। ফলে সেদিন থেকে গরম থেকেও মুক্তি মিলবে।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তারপর আরও ২ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ।
কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আকাশ মূলত পরিষ্কার থাকবে। আবহাওয়া ক্রমশ শুষ্ক হতে থাকবে। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে।
কলকাতায় আজ মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ সোমবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টি হয়নি।