বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টি। উত্তাল সমুদ্র, জারি সতর্কতা। কত দিন চলবে বৃষ্টি, জানুন বিস্তারিত।

বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ।
শেষ আপডেট: 24 August 2025 10:48
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। বঙ্গোপসাগরের ওপর একের পর এক নিম্নচাপ তৈরির ফলে টানা কয়েক দিন ভিজে যাচ্ছে কলকাতাসহ গাঙ্গেয় বাংলার জেলা শহর ও গ্রামাঞ্চল। আবহাওয়া দফতরের আশঙ্কা, এখনই এই বৃষ্টি থামছে না।
শুক্রবার বিকেলে গাঙ্গেয় বঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছিল, তার জেরে নতুন করে একটি নিম্নচাপ গড়ে উঠেছে। সেটি বর্তমানে সক্রিয় এবং ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিমে সরে ঝাড়খণ্ডে প্রবেশ করার পরই দুর্বল হয়ে পড়বে বলে অনুমান। সেই সঙ্গে ৭.৬ কিলোমিটার উঁচু পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত এখনো বজায় রয়েছে।
অন্য দিকে মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর হয়ে গ্বালিয়র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে সোজা বঙ্গোপসাগরে নেমে এসেছে। এর জেরে বৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। উপরন্তু, উত্তর বঙ্গোপসাগরে সোমবার আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা প্রবল। সেটি যদি নিম্নচাপে ঘনীভূত হয়, তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল। হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আরও অন্তত দু’দিন। কিছু এলাকায় ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে, বিশেষত পুরুলিয়া ও বাঁকুড়ায়। রবিবারই ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গেও রেহাই নেই। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।
এদিকে, সমুদ্রেও পরিস্থিতি যথেষ্ট বিপজ্জনক। উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইছে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী অন্তত ২৪ ঘণ্টা উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের কড়া ভাবে সমুদ্রে না যেতে বলা হয়েছে।
টানা বৃষ্টিতে তাপমাত্রাও নেমে এসেছে স্বাভাবিকের নীচে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৬ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪.৮ ডিগ্রি কম।
সব মিলিয়ে বলা যায়, দক্ষিণবঙ্গে অন্তত বুধবার পর্যন্ত ভিজে দিন কাটানোর সম্ভাবনা প্রবল। নতুন নিম্নচাপ মাথা না তুললে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা যাচ্ছে।