আবারও সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গের আকাশ ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় ঢেকে যাচ্ছে।

আবহাওয়া
শেষ আপডেট: 6 July 2025 09:39
দ্য ওয়াল ব্যুরো: আবারও সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গের আকাশ ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় ঢেকে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রবিবার থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট চলবে। এর মধ্যে একাধিক জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদদের ধারণা, আগামী মঙ্গলবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে। তবে ততদিন পর্যন্ত রাজ্যের একাধিক জেলাজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলেও আজ থেকে শুরু করে পরবর্তী ক’দিন বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দুপুর গড়ালে বজ্রগর্ভ মেঘ জমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে শহরে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির পূর্বাভাস মিলেছে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো দুই পার্বত্য জেলা ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শুরুর দিকে এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের মতে, সক্রিয় মৌসুমি ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার ফলে রাজ্যজুড়ে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই।