ঝড়-বৃষ্টির পর বদলাল আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম, বরং আর্দ্রতা ও রোদের জেরে বাড়বে অস্বস্তি।

আবহাওয়া
শেষ আপডেট: 19 March 2026 10:31
দ্য ওয়াল ব্যুরো: ঝড়-বৃষ্টির দাপট কাটতে না কাটতেই ফের ঘামঝরা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রাজ্যের আবহাওয়ার চেহারায় স্পষ্ট বদল, বৃষ্টি প্রায় নেই, তার বদলে আর্দ্রতা আর চড়া রোদের জেরে বাড়ছে অস্বস্তি। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই দিনভর ভ্যাপসা গরমে নাকাল হওয়ার সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি থাকলেও আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারে ভিন্ন মেজাজে। ভোরে আকাশে হালকা মেঘ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে এবং তার সঙ্গে ভ্যাপসা গরমও আরও অনুভূত হতে পারে। ফলে গোটা পরিস্থিতিই বেশ অস্বস্তিকর হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কোথাও কোথাও রোদ উঠলেও গরমের তীব্রতা কমার কোনও লক্ষণ নেই। আবহাওয়া দফতরের মতে, আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তার বদলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারাদিন জুড়ে আর্দ্র গরমই ভোগাবে মানুষকে।
কলকাতা-র আবহাওয়াও একই ছবি তুলে ধরছে। সকালে হালকা মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ চড়া হচ্ছে। আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন নয়, মাঝেমধ্যেই রোদ ঝলমল করছে। তবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। গরমের সঙ্গে বাড়তি আর্দ্রতা যোগ হওয়ায় ঘাম ও অস্বস্তি দুটোই বাড়ছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আজ আবহাওয়ার তেমন কোনও বড় পরিবর্তন দেখা যাচ্ছে না। আকাশে কিছুটা মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতার প্রভাব এখানেও অনুভূত হচ্ছে। ফলে সার্বিকভাবে আবহাওয়া স্থিতিশীল থাকলেও স্বস্তি মিলছে না কোথাও।