নির্বাচনের আগে প্রশাসনে বড় রদবদল। আলিপুরদুয়ারে ডিএম বদল, দক্ষিণ দিনাজপুরে ফেরানো হল টি বালাসুব্রহ্মণ্যমকে—নতুন নির্দেশ নির্বাচন কমিশনের।

জ্ঞানেশ কুমার
শেষ আপডেট: 19 March 2026 09:41
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় নির্বাচন ঘোষণার পর রাজ্য প্রশাসনকে কার্যত লন্ডভন্ড করে দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission of India)। নির্বাচন ঘোষণার ১২ ঘণ্টার মধ্যে রাজ্যের ৫ জন শীর্ষ আধিকারিককে সরিয়েছেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। যার মধ্যে রয়েছেন সিএস, এইচএস, ডিজি, সিপি এবং এসপি। পরবর্তী সময় দেখা যায়, একাধিক জেলার এসপি এবং একাধিক সিপিকে বদল করে নির্বাচন কমিশন।
গতকাল অর্থাৎ বুধবার ১১টি জেলার ডিএম তথা ডিইও, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরে ডিইওকে সরিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু দেখা যায়, টি বালাসুব্রহ্মণ্যম, যিনি দক্ষিণ দিনাজপুরের ডিএম এবং ডিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তাঁকেই আলিপুরদুয়ারের জেলা শাসক (DM) করে দেওয়া হয়। তখনই প্রশ্ন ওঠে, এবার তাহলে দক্ষিণ দিনাজপুরের ডিএম এবং ডিইও কে হবেন?
সূত্রের খবর, এই গোটা ব্যাপারটাই নির্বাচন কমিশনের চোখ এড়িয়ে গিয়েছিল। মাঝ রাতে আবার অর্ডার করে নির্বাচন কমিশন। একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, টি বালাসুব্রহ্মণ্যমই থাকছেন দক্ষিণ দিনাজপুরের ডিএম। তাঁকে আলিপুরদুয়ার পাঠানো হচ্ছে না।
পাশাপাশি, আলিপুরদুয়ারের ডিএম করা হল ২০১৩ ব্যাচের অফিসার ময়ূরী বসুকে। অন্যদিকে, রণধীর কুমারকে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক (DEO) করা হয়েছিল। কিন্তু তার সঙ্গে ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে পদে নিযুক্ত করা হল।
সব মিলিয়ে, গতকাল অর্থাৎ বুধবার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তার কিছুটা পুনর্গঠন করল নির্বাচন কমিশন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কমিশন আসলে বিজেপির কথায় রাজ্য প্রশাসনকে লন্ডভন্ড করে উন্নয়নের কাজ আটকাতে চাইছে। এর জবাব বাংলার মানুষ নির্বাচনেই দেবে।