
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 24 June 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: মহিলা স্পেশাল বাস চালু করতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। অফিসটাইমে মহিলাদের যাতায়াত সুরক্ষিত ও আরামদায়ক করে তুলতে রাজ্যের পরিবহণ দফতর দুটি সম্পূর্ণ মহিলা স্পেশাল বাস চালু করতে চলেছে। আগামিকাল, ২৫ জুন থেকেই প্রথম বাসটি চলাচল শুরু করবে। রাজ্যের এক পদস্থ অফিসার সোমবার একথা জানান।
হাওড়া থেকে ছেড়ে বাসটি বালিগঞ্জ পর্যন্ত যাবে। মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশ দিয়ে এই বাস যাবে। এই বাসের ফলে হাওড়া লাইন দিয়ে শহরে আসা মহিলা চাকরিজীবী ও কর্মীদের উপকার হবে। সকালে অফিসটাইমে এই বাস পরিষেবার ফলে মহিলারা অত্যন্ত নিরাপদে ও ঝুঁকিবিহীন চলাচল করতে পারবেন নিজেদের কর্মস্থলে।
এই দুটি নন-এসি বাস হাওড়া থেকে সকাল সাড়ে ৯টা এবং ১০টার সময় ছাড়বে। মহিলা স্পেশাল বাসের কন্ডাক্টরও মহিলা হবেন। ওঠার সময় লাইন দিয়ে উঠতে হবে, যাতে হুড়োহুড়ি না হয়। এছাড়াও প্রত্যেক স্টপে শুধু মহিলারাই এই বাসে উঠতে পারবেন, জানান ওই সরকারি আধিকারিক।
বাস পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, লেডিজ স্পেশাল ট্রেনগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে বাসগুলির ছাড়ার সময় ঠিক করা হবে। হাওড়া-বর্ধমান এবং হাওড়া-খড়্গপুর লাইনের লেডিজ স্পেশাল ট্রেনের যাত্রীরা এতে উপকৃত হবেন।
সরকারি সূত্রটি জানিয়েছে, লেডিজ স্পেশাল কথাটি খুবই স্পষ্টভাবে লেখা থাকবে। যাতে পুরুষ যাত্রীরা দূর থেকেই তা দেখতে পান। আপাতত কাল, মঙ্গলবার থেকে দুটি বাস দিয়ে শুরু হচ্ছে। তবে আগামিদিনে আরও বাস বিভিন্ন রুটে চালু হয়ে যাবে। যেমন শিয়ালদহ স্টেশন থেকেও এই বাস চালুর ভাবনা রয়েছে পরিবহণ বিভাগের।
হাওড়া-বালিগঞ্জ পর্যন্ত সকালে বাস গেলেও বিকেলে বা অফিস ছুটির সময় একইভাবে বালিগঞ্জ থেকে হাওড়া যাওয়া যাবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা এই প্রস্তাব ভেবে দেখছি। উল্লেখ্য, ২০১৩ সালে প্রথম লেডিজ স্পেশাল বাস চালু হয়েছিল। কিন্তু, কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। তবে এবার এই উদ্যোগ বন্ধ হবে না বরং রুট বৃদ্ধি ঘটবে বলে সরকারি তরফে জানা গিয়েছে।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের মুখপাত্র তপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শ্রীরামপুরের এক মহিলা নিত্যযাত্রী বলেন, রাসবিহারী মোড় পর্যন্ত যেতে আমার কালঘাম ছুটে যায়। নিত্যদিন অসহায়ভাবে যাতায়াত করতে হয়। ভিড়ের মধ্যে রোজ হেনস্তার শিকার হওয়া থেকে এবার উদ্ধার মিলবে। আশা করি কাজ সেরে ফেরার সময়ও এই বাস পাওয়া যাবে।