
শেষ আপডেট: 12 November 2023 23:32
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজো মানেই আলোর উৎসব। তবে শুধু যে আলোতেই সীমাবদ্ধ থাকে না এই উদযাপন, সঙ্গে চলে বাজির 'উৎপাত'ও। ফলে বাড়তে থাকে বাতাসে দূষণের মাত্রা। প্রতিবারই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশবিদরা। বাজি বিক্রেতারা যাতে একমাত্র সবুজ বাজিই বিক্রি করেন, তার জন্য দেওয়া হয়েছে নির্দিষ্ট নির্দেশিকাও। কিন্তু সে কথায় ক'জনই বা গুরুত্ব দেয়! এবার বাজি বর্জনের আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজ্য পুলিশ। যেখানে রাজ্যবাসীকে বার্তা দিতে শাহরুখ খানকেই বেছে নিলেন তারা।
রবিবার সন্ধে রাজ্য পুলিশের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। কিং খানের সিনেমার দুটি দৃশ্য নিয়ে বানানো হয়েছে সেই ভিডিও। যার প্রথম অংশ দেখা গিয়েছে, পরিষ্কার নির্মল পরিবেশ, আর দ্বিতীয় ভাগে ধোঁয়া-দূষণ ঘেরা পরিবেশ। প্রত্যাশা এবং বাস্তব চিত্র –এই প্রেক্ষিতেই ২৭ মিনিটের ভিডিওটি রয়েছে। ভিডিওতে শাহরুখের 'কভি খুশি কভি গম' ছবির বিখ্যাত সেই দৃশ্য দেখা গিয়েছে। যেখানে হেলিকপ্টার থেকে নেমে, সবুজে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে দৌড়ে আসছেন শাহরুখ খান, ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ছবির টাইটেল ট্র্যাকের সুরও।
কয়েক মুহূর্ত পরই 'রইস' ছবির একটি দৃশ্য ফুটে ওঠে, যেখানে ধোঁয়ার মধ্যে থেকে হেঁটে আসছেন বলিউড বাদশা। দূষণমুক্ত এবং দূষিত বাতাসের মধ্যে পার্থক্য বোঝাতে দু'টি ছবির দৃশ্যকে পর পর বসিয়ে ভিডিওটি বানানো হয়েছে। রাজ্যবাসীকে বায়ুদূষণ নিয়ে সতর্ক করতেই এমন পদক্ষেপ পশ্চিমবঙ্গ পুলিশের।
ভিডিওটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, 'এই দীপাবলিতে বাজি না পুড়িয়ে নিজেকে এবং প্রিয়জনদের বায়ুদূষণের প্রকোপ থেকে বাঁচান। প্রতিদিন বেড়ে চলা বায়ুদূষণকে আর না বাড়িয়ে, চলুন সকলে এই আলোর উৎসবে প্রদীপের আলোর রোশনাইয়ে পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে মেতে উঠি'। মাত্র চার ঘণ্টার মধ্যেই ভিডিওটি প্রচুর শেয়ার হয়েছে।
রাজ্য সরকার বরাবরই সবুজ বাজি পোড়ানোর কথা বলে এসেছে। এমনকী শব্দবাজির বিরুদ্ধে লাগাতার চালানো হয় অভিযান। চলে ধরপাকড়ও। তবে রাজ্য পুলিশ বায়ুদূষণ নিয়ে সতর্কবার্তা দিতে গিয়ে শাহরুখ অভিনীত ছবির দৃশ্য বেছে নেওয়ার নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। আসলে বলিউডের বাদশা যে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও। যদিও চলতি বছরের মার্চ মাসে অভিনেতা দেবকেও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শাহরুখের বিকল্প হিসেবে নয়, বরং শাহরুখও যে আগের মতোই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকবেন, স্পষ্ট জানিয়ে দেন মমতা।