রাজ্যের সমস্ত সশস্ত্র ব্যাটালিয়নকে আজ অর্থাৎ শুক্রবার রাত থেকেই চরম সতর্ক অবস্থায় বা ‘এক্সট্রিম রেডিনেস’-এ থাকতে হবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 February 2026 19:25
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুম এবং এসআইআর-এর চূড়ান্ত তালিকা (SIR Final List) প্রকাশের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্ছিদ্র রাখতে বড়সড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। শুক্রবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DG) ও আইজিপি (আইন ও শৃঙ্খলা)-র দফতর থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, রাজ্যের সমস্ত সশস্ত্র ব্যাটালিয়নকে আজ অর্থাৎ শুক্রবার রাত থেকেই চরম সতর্ক অবস্থায় বা ‘এক্সট্রিম রেডিনেস’-এ থাকতে হবে।
কারণ কী?
নির্দেশে যা বলা হয়েছে
রাজ্যের সমস্ত সশস্ত্র বাহিনী (যেমন— SAP, SSF, RAF, EFR, নারায়ণী ও গোর্খা ব্যাটালিয়ন প্রভৃতি)-র কমান্ডিং অফিসারদের কাছে পাঠানো এই বার্তায় জানানো হয়েছে, বিবিধ বা কম গুরুত্বপূর্ণ ডিউটি থেকে পুলিশ কর্মীদের ছাড়িয়ে এনে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে তাঁদের উপস্থিতির সংখ্যা বাড়াতে হবে। জরুরি ভিত্তিতে যে কোনও জায়গায় যাতায়াতের জন্য বাহিনীকে আজ অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই পুরোপুরি প্রস্তুত রাখতে বলা হয়েছে। বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ (Most Urgent) হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে ভবন।
প্রশাসনিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধন বা প্রকাশের সময় অনেক ক্ষেত্রে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে দোলের ভিড় সামলানো, এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা করতেই রাজ্য পুলিশ আগাম কোমর বাঁধছে।
অন্যদিকে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন থেকে শুরু করে ভোটার তালিকার (Voter List) জটিল জট খোলা সব মিলিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে কমিশন (Election Commission)। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) স্পষ্ট করে জানিয়ে দেন, স্রেফ বসে থাকার জন্য নয়, ১ মার্চ থেকেই রণক্ষেত্রে সক্রিয় ভূমিকায় দেখা যাবে বাহিনীকে।
মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যে এসে পৌঁছচ্ছে বাহিনী (Central Force) এবং ১ মার্চ থেকেই তারা পূর্ণাঙ্গ কাজ শুরু করে দেবে। বাহিনী স্রেফ রুট মার্চেই সীমাবদ্ধ থাকবে না, বরং ওই সময় থেকে কোথাও আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে জেলাশাসক (DM) এবং পুলিশ সুপাররা (SP) সরাসরি তাদের কাজে লাগাতে পারবেন। সিইও-র সাফ কথা, “সেন্ট্রাল ফোর্স এলাকা পরিদর্শন করবে, তারা হাত গুটিয়ে বসে থাকবে না।”