বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) স্পষ্ট করে দিলেন, স্রেফ বসে থাকার জন্য নয়, ১ মার্চ থেকেই রণক্ষেত্রে সক্রিয় ভূমিকায় দেখা যাবে বাহিনীকে।

সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 26 February 2026 17:38
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আসন্ন ভোট-যুদ্ধের (West Bengal Assembly Election 2026) প্রস্তুতি এখন তুঙ্গে। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন থেকে শুরু করে ভোটার তালিকার (Voter List) জটিল জট খোলা সব মিলিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল কমিশন (Election Commission)। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) স্পষ্ট করে দিলেন, স্রেফ বসে থাকার জন্য নয়, ১ মার্চ থেকেই রণক্ষেত্রে সক্রিয় ভূমিকায় দেখা যাবে বাহিনীকে।
মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যে এসে পৌঁছচ্ছে বাহিনী (Central Force) এবং ১ মার্চ থেকেই তারা পূর্ণাঙ্গ কাজ শুরু করে দেবে। বাহিনী স্রেফ রুট মার্চেই সীমাবদ্ধ থাকবে না, বরং ওই সময় থেকে কোথাও আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে জেলাশাসক (DM) এবং পুলিশ সুপাররা (SP) সরাসরি তাদের কাজে লাগাতে পারবেন। সিইও-র সাফ কথা, “সেন্ট্রাল ফোর্স এলাকা পরিদর্শন করবে, তারা হাত গুটিয়ে বসে থাকবে না।”
ভোটার তালিকার নতুন অঙ্ক
ভোটার তালিকা সংশোধনী নিয়ে দীর্ঘ আইনি টানাপড়েনের পর একটি মধ্যপন্থা বেছে নিয়েছে কমিশন। মনোজ আগরওয়াল জানান, আপাতত ভোটার তালিকায় সেই সব নামই চূড়ান্ত হিসেবে থাকছে, যেগুলি নিয়ে কোনও বিতর্ক নেই। তবে বাকি প্রায় ৬০ লক্ষ নাম, যেগুলির ভাগ্য এখন জুডিশিয়াল অফিসারদের (Judicial Officers) বিবেচনাধীন, সেগুলিও তালিকার বাইরে যাচ্ছে না। ওই নামগুলির পাশে ‘নিষ্পত্তি না হওয়া’ (Pending) মেনশন থাকবে। অর্থাৎ, আদালতের নজরদারিতে থাকা এই বিপুল সংখ্যক ভোটারের তথ্য আপাতত তালিকাভুক্তই থাকছে।
সাইটের সমস্যা প্রসঙ্গে সিইও জানান, "জুডিশিয়াল অফিসাররা যদি সাইট ব্যবহার করতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে নিশ্চয়ই তাঁরা ডিইওদের অবহিত করবেন। কিন্তু ডিইওদের পক্ষ থেকে আমাকে কেউ এ বিষয়ে কিছু জানাননি।"
তবে তিনি স্বীকার করেন যে সাইটটি মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, যা তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় কখনও কখনও হয়ে থাকে।
তৎপর অফিসাররা
কাজের গতি বাড়াতে লোকবলও কয়েক গুণ বৃদ্ধি করেছে কমিশন। জানা গিয়েছে, এই বিশাল কর্মকাণ্ডের জন্য মোট ৫৩০ জন অফিসারকে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ২৭০ জন ইতিমধ্যেই পুরো দমে কাজ শুরু করে দিয়েছেন। বাকিদের জন্য দ্রুত ‘লগইন আইডি’ তৈরির কাজ চলছে। দ্রুত এই পোর্টালে যুক্ত হয়ে তাঁরাও সংশোধনী ও তালিকা তৈরির প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়বেন।
পর্যবেক্ষকদের মতে, বাহিনীর আগাম সক্রিয়তা এবং ঝুলে থাকা ভোটারদের তথ্য তালিকায় রাখার সিদ্ধান্ত আসলে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথ প্রশস্ত করারই ইঙ্গিত।