বিদায়বেলায় রাজ্যবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখে মা দুর্গাকে স্মরণ করেছিলেন সিভি আনন্দ বোস। আর নতুন দায়িত্ব পাওয়ার পর সেই মা দুর্গারই আশীর্বাদ চেয়ে রাজ্যবাসীকে বার্তা দিতে দেখা গেল আর এন রবিকে।

আর এন রবি
শেষ আপডেট: 12 March 2026 19:22
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) দিনক্ষণ ঘোষণা সময়ের অপেক্ষা। তার আগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ২২ তম রাজ্যপাল (West Bengal Governor) হিসেবে শপথ নিয়েছেন রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi)। শপথগ্রহণের পর তাঁর সঙ্গে প্রথম সাক্ষাতেই বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন, 'বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে'। আর রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে তাঁর প্রথম বার্তায় বাঙালি অস্মিতাই ছুঁয়ে গেলেন আর এন রবি।
বিদায়বেলায় রাজ্যবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখে মা দুর্গাকে স্মরণ করেছিলেন সিভি আনন্দ বোস (Former Governor CV Ananda Bose)। আর নতুন দায়িত্ব পাওয়ার পর সেই মা দুর্গারই আশীর্বাদ চেয়ে রাজ্যবাসীকে বার্তা দিতে দেখা গেল আর এন রবিকে। লিখলেন - মা দুর্গার কাছে জ্ঞান এবং শক্তি প্রার্থনা করি পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার জন্য।
লোকভবনে নিজের নতুন যাত্রা শুরু করে শুধু এইটুকু বার্তাতেই নিজেকে সীমিত রাখেননি আর এন রবি। তাঁর লেখনীর পরতে পরতে উঠে এসেছে বাঙালি অস্মিতা। তিনি উল্লেখ করেছেন, চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে ঋষি অরবিন্দ, সুভাষচন্দ্র বোস এবং পরিশেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম।
আর এন রবি-র বার্তা
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন। বাংলাই ভারতের আধ্যাত্মিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক জীবনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই ভূমিই এমন এক মাটি যেখানে প্রাচীন বৈদিক জ্ঞানচর্চা বহু শতাব্দী আগে বিকশিত হয়েছিল। একই সঙ্গে গৌতম বুদ্ধের বাণীও এখানে নতুন ব্যাখ্যা ও নতুন রূপ পেয়েছিল। ভক্তি আন্দোলনের ধারাও এই অঞ্চলে শক্ত ভিত গড়ে তুলেছিল এবং পরবর্তীকালে সেই চেতনা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকেও গভীরভাবে প্রভাবিত করেছিল।
তাঁর সংযোজন, বিদেশি আক্রমণ এবং দীর্ঘদিনের শাসনের সময় যখন দেশের সংস্কৃতি ও আত্মপরিচয় ধ্বংসের মুখে পড়েছিল, তখনও বাংলার মাটি বহু মহান ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক মহাপুরুষের জন্ম দিয়েছে। এই বাংলাতেই জন্ম নিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, যাঁর ভক্তি আন্দোলন ধর্মীয় ও সামাজিক জীবনে নতুন দিশা দেখিয়েছিল।
পরবর্তীকালে এই বাংলাই উপহার দিয়েছে ভগবান রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের মতো আধ্যাত্মিক ব্যক্তিত্বকে, যাঁদের ভাবনা ও দর্শন বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। একই সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানও স্মরণ করেন তিনি। তাঁর রচিত ‘বন্দে মাতরম্’ এক সময় ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শক্তিশালী আহ্বানে পরিণত হয়েছিল।
এই ভূমির সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি স্মরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও। তাঁর সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চিন্তা কেবল বাংলাকেই নয়, সমগ্র বিশ্বের সাংস্কৃতিক ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে বিপ্লবী চিন্তাবিদ ঋষি অরবিন্দ এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর নামও উল্লেখ করেন তিনি।
"I am immensely blessed and profoundly humbled to have the opportunity to serve the people of West Bengal, a great land that has been the spiritual, intellectual and cultural capital of Bharat for several thousand years. It is the land where the eternal wisdom of the Vedas…
— Lok Bhavan, West Bengal (@BengalGovernor) March 12, 2026
নতুন রাজ্যপালকে নিয়ে বিতর্ক
রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) আগে গত ৫ মার্চ আচমকাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল (West Bengal Governor) পদ থেকে হঠাৎ ইস্তফা দেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। তারপরই জানা যায়, আপাতত বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন তামিলনাড়ুর রাজ্যপাল (Tamilnadu Governor) তথা প্রাক্তন আইপিএস আর এন রবি (R N Rabi)। বিষয়টি নিয়ে একদমই খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোসের পদত্যাগ এবং নতুন রাজ্যপালকে নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছিলেন তিনি।
এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্না কর্মসূচি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেও আর এন রবিকে নিশানা করেছিলেন তিনি। অভিযোগ ছিল, আনন্দ বোসকে ‘ভয় দেখিয়ে’ সরানো হয়েছে এবং লোকভবনকে ‘বিজেপির দলীয় অফিস’ বানানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। আর নতুন যিনি আসছেন, তিনি (আর এন রবি) বিজেপির প্যারেড করা ক্যাডার।
সেই নতুন রাজ্যপালকে এদিন সামনে পেয়েই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মনে করা হচ্ছে, দায়িত্ব নেওয়ার মুহূর্ত থেকেই মমতা আর এন রবিকে বুঝিয়ে দিতে চাইলেন যে - বাংলা কিন্তু অন্যরকম।