দু-দিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের একাধিক দফতরে পদ সৃষ্টি করা হল। বৃহস্পতিবার রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এও জানানো হয়েছে যে, যুগ্মসচিব স্তরেও ২০ শতাংশ অর্থাৎ ৬টি অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 19 February 2026 19:56
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Elections 2026) আর বেশিদিন বাকি নেই। এই আবহে গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) রাজ্যের ন’টি স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে বিভিন্ন বেতনস্তরে অতিরিক্ত ২০ শতাংশ পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নীতিগতভাবে অন্যান্য স্টেট কনস্টিটিউটেড সার্ভিসেও (WBCS) একই পদ্ধতিতে অতিরিক্ত পদ তৈরির ছাড়পত্র মিলেছে (West Bengal News) বলেও জানানো হয়েছিল।
দু-দিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের একাধিক দফতরে পদ সৃষ্টি করা হল। বৃহস্পতিবার রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এও জানানো হয়েছে যে, যুগ্মসচিব স্তরেও ২০ শতাংশ অর্থাৎ ৬টি অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে।
অর্থ দফতরের বিজ্ঞপ্তি বলছে, ২১ পে লেভেলে সেক্রেটারিয়েট সার্ভিসের ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি স্তরে ২০ শতাংশ অতিরিক্ত (৬টি) পদ তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে সেক্রেটারিয়েট সার্ভিসে মোট জয়েন্ট সেক্রেটারি পদের সংখ্যা হল ৩৬। রোপা ২০১৯ এর অধীনে ২১ পে লেভেলে বিভিন্ন দফতরে ২০ শতাংশ অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে।
পশ্চিমবঙ্গ রেভিনিউ সার্ভিসের অধীনস্থ এক্সাইজ ডায়রেক্টরেটে ২৪টি, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সে ৬টি, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশনে ১১টি এবং কমার্শিয়াল ট্যাক্সে ৮৬টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। এর পাশাপাশি কো-অপারেটিভ সার্ভিস ও লেবার সার্ভিসে আলাদাভাবে ১৬টি করে, এমপ্লয়মেন্ট সার্ভিসে ১১টি, ফুড অ্যান্ড সাপ্ল্যায়েজে ১৪টি, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে ৫০টি, লিগ্যাল সার্ভিসে ১৩টি অতিরিক্ত পদ হচ্ছে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে রোপা ২০১৯ এর অধীনে ২৪ পে লেভেলে বিভিন্ন দফতরে ২০ শতাংশ অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। রেভিনিউ সার্ভিসের অধীনে এক্সাইজ ডায়রেক্টরেটে ৮টি, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশনে ৬টি এবং কমার্শিয়াল ট্যাক্সে ২৬টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। কো-অপারেটিভ সার্ভিসে ৪টি, লেবার সার্ভিসে ৪টি, ফুড অ্যান্ড সাপ্লায়েজে ৪টি, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে ২৬টি এবং লিগ্যাল সার্ভিসে ৪টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে পে লেভেল ১৯ এ তথ্য ও সংস্কৃতি দফতরের ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিসে ৩০ শতাংশ (সংখ্যায় ৭টি) অতিরিক্ত পদ তৈরি হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী এও জানিয়েছিলেন, উচ্চতর দায়িত্ব পালনের জন্য অভিজ্ঞ আধিকারিকদের প্রাপ্য সুযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি বিভিন্ন ডব্লু বিসিএস-এর মধ্যে বেতন কাঠামো ও পদসংখ্যায় সমতা আনার লক্ষ্যও রয়েছে এই পদক্ষেপের নেপথ্যে। পাশাপাশি এ বার থেকে ডব্লিউবিসিএস আধিকারিকরা দু’বছর প্রভিশনে থাকবেন। সেই দু’বছর বিডিও হিসেবে দায়িত্ব পালনের পর তাঁরা এসডিও পদে উন্নীত হবেন। একই সঙ্গে গ্রুপ ‘এ’ আধিকারিকদের পদোন্নতির পথও আরও সুগম করা হচ্ছে বলে জানান তিনি।