আর মাত্র ১ দিন। তারপরেই কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটার উৎসবের মরশুম। এসব দিনে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।

আবহাওয়া
শেষ আপডেট: 18 October 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র ১ দিন। তারপরেই কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটার উৎসবের মরশুম। এসব দিনে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শনি ও রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে।
সোমবার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও, বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার এবং রোদ ঝলমলে থাকবে। কালীপুজো (সোম/মঙ্গলবার), দীপাবলি ও ভাইফোঁটার দিনগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও সামান্য কুয়াশা দেখা যেতে পারে।
শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। সোমবার থেকে আকাশ রোদ ঝলমলে পরিষ্কার থাকবে। সকালের দিকে কিছু এলাকায় সামান্য কুয়াশা পড়তে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্তটি আগামী ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেমটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর এই সিস্টেমটির গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী আপডেট পরে জানানো হবে।