কালীঘাট সূত্রের খবর, হুগলিতে এই কাটাকাটির খেলা শুধু দু'টি আসনেই থেমে নাও থাকতে পারে। আরও অন্তত ২ থেকে ৩ জন বর্তমান বিধায়ক এবার টিকিট নাও পেতে পারেন।

কাঞ্চন মল্লিক ও মনোরঞ্জন ব্যাপারী
শেষ আপডেট: 13 March 2026 21:25
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক ও বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারীকে যে তৃণমূল (TMC Candidate list) এবার আর প্রার্থী নাও করতে পারে সে ব্যাপারে অনেক দিন আগে থেকেই দেওয়াল লিখন স্পষ্ট পড়া যাচ্ছিল। কালীঘাট সূত্রের খবর, হুগলিতে এই কাটাকাটির খেলা শুধু দু'টি আসনেই থেমে নাও থাকতে পারে। আরও অন্তত ২ থেকে ৩ জন বর্তমান বিধায়ক এবার টিকিট নাও পেতে পারেন। অর্থাৎ হুগলিতে কমবেশি ৫০ শতাংশ আসনে নতুন প্রার্থী দিতে পারে শাসক দল।
শেষ পর্যন্ত কোনও অঘটন না ঘটলে সোমবার ১৬ মার্চ পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে বিধানসভা ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট প্রকাশ হবে। তার আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করার ব্যাপারে এখন তৃণমূল-বিজেপি দুই শিবিরেই চরম ব্যস্ততা। কালীঘাট সূত্রে খবর, রবিবারের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলার জোরকদম চেষ্টা চলছে। এর মধ্যেই তাৎপর্যপূর্ণভাবেই আলোচনায় রয়েছে হুগলি জেলার ১৮টি আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম।
২০২১ সালের বিধানসভা ভোটে হুগলির ১৮টি বিধানসভা আসনের মধ্যে ১৪টিতে জিতেছিল তৃণমূল। বাকি চারটি তথা পুরশুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুলে জিতে যায় বিজেপি। ওই চারটি আসনে তৃণমূল এবার অবধারিতভাবেই প্রার্থী বদল করছে। সেই সঙ্গে উত্তরপাড়া ও বলাগড়ে কাঞ্চন মল্লিক এবং মনোরঞ্জন ব্যাপারীকে প্রার্থী না করার সম্ভাবনা ১৮ আনা। তা ছাড়া আরও ২ থেকে ৩ জন বিধায়ক হয়তো টিকিট পাবেন না। অর্থাৎ ১৮টি আসনের মধ্যে ৯টি আসনেই নতুন মুখ আনতে পারে তৃণমূল।
২০২১ সালের ভোটে হুগলিতে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছিলেন চণ্ডিতলায় স্বাতী খোন্দকার। তাঁর পরই বড় ব্যবধানে জিতেছিলেন। ৩৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন এই অভিনেতা। একটি সূত্রের মতে, এ বার শ্রীরামপুর ও সপ্তগ্রামের বর্তমান দুই বিধায়ককে প্রার্থী নাও করতে পারে দল। তবে এখনও তা স্পষ্ট করে বলার সময় আসেনি।
কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের মতে, স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতা কাটাতেই এই কৌশল নেওয়া হচ্ছে। কয়েক জন বিধায়ক এলাকায় তেমন জনপ্রিয় নন। বরং তাঁদের কারণেই দলের যাত্রাভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে রয়েছে গোষ্ঠী কোন্দল। তা ছাড়া কিছু আসনে জোরদার মেরুকরণের শঙ্কাও রয়েছে।
তৃণমূল সূত্রের মতে, সোমবার ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলে সম্ভবত মঙ্গল বা বুধবার প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে। শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন আসনে প্রার্থী বদলের সম্ভাবনা থেকেই যাচ্ছে।