সম্প্রতি বিজেপির প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে নির্যাতিতার মায়ের। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে আন্দোলনের পথ থেকে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং তাঁর পরিবার। প্রচারে নেমেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 26 March 2026 19:48
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে আরজি কর-কাণ্ড ঘিরে রাজনীতি নতুন মাত্রা পেয়েছে। ওই ঘটনার নির্যাতিতার মাকে প্রার্থী (RG Kar Victim Mother) করে পানিহাটি কেন্দ্র থেকে ভোটে নামিয়েছে বিজেপি (BJP Candidate List 2026)। ইতিমধ্যেই প্রচারে নেমেছেন তিনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়ে জয়ের ব্যাপারে জোরালো দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
পানিহাটিতে বিজেপির প্রার্থী এবার রেকর্ড ব্যবধানে জিতবেন বলেই দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, পুরসভা গঠনের পর এই কেন্দ্রে এত বড় ব্যবধানে জয় আগে কেউ দেখেনি। শুধু পানিহাটি নয়, গোটা রাজ্যেই শাসক দলের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে বলেও দাবি তাঁর।
সম্প্রতি বিজেপির প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে নির্যাতিতার মায়ের। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে আন্দোলনের পথ থেকে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং তাঁর পরিবার। প্রচারে নেমেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, আগে কেন কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের পাশে দাঁড়ায়নি? সেই প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী জানান, প্রার্থীপদ অনুমোদন দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
শুধু পানিহাটিতেই সীমাবদ্ধ না রেখে নির্যাতিতার মাকে অন্য কেন্দ্রেও প্রচারে নামানোর পরিকল্পনা রয়েছে বিজেপির। শুভেন্দুর কথায়, ভবানীপুরেও তাঁকে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে, যাতে তিনি স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর এলাকায় নিজের অভিযোগ সরাসরি মানুষের সামনে তুলে ধরতে পারেন।
এদিন সকালেই বিধাননগরে বিজেপির রাজ্য দফতরে গিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, রাজ্যে দুর্নীতি বেড়েছে, মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। কোনও ঘটনা ঘটলেই দায় এড়াতে নানা বিধিনিষেধের কথা বলা হয় বলেও কটাক্ষ করেন তিনি। তবে রাজনৈতিক ময়দানে নামার সিদ্ধান্ত নিয়ে তাঁর বক্তব্য, এই পথ তিনি আগে কখনও ভাবেননি। পরিস্থিতির চাপে এবং মেয়ের ন্যায়বিচারের দাবিতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
কেন বিজেপিতে এলেন - এই প্রশ্নের উত্তরে আগেই নির্যাতিতার মা জানিয়েছিলেন, "কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার স্বার্থে আমাকে রাজনীতিতে আসতেই হবে। এ রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে কেউ ভাল নেই। তাই তৃণমূলের মূলটাকে উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।"
সব মিলিয়ে আরজি কর-কাণ্ডকে ঘিরে ভোটের লড়াই যত এগোচ্ছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা।